বাড়ির আঙিনায় লাশ রেখে পালিয়ে যান আসামিরা

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:২৪ এএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে বাবুরাম দেবসিংহ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শালডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, মৃত্যুর পর সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি তার মরদেহ অটোভ্যানে করে বাড়ির আঙিনায় রেখে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় অবহেলার অভিযোগে আটজনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা করেছেন নিহতের কাকা বুদ্ধচরণ দেবসিংহ।

মামলার আসামিরা হলেন একই উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা জামুড়ীতলি গ্রামের মৃত নসরুল ইসলামের তিন ছেলে রাব্বি হোসেন, বাবুল হোসেন ও জুয়েল ইসলাম, মেয়ে লাভলী বেগম, একই এলাকার কসিম উদ্দিনের ছেলে মুজিবুল, আলম ইসলামের ছেলে রানা সরকার, সাইফুল ইসলাম এবং টেপ্রিগঞ্জ ইউনিয়নের বলরামপুর গ্রামের ভোলানাথের ছেলে উত্তম রায়। নিহত বাবুরাম দেবসিংহ দেবীগঞ্জ উপজেলার বলরামপুর নিজধাম এলাকার বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি শ্রমিক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ঢাকনা দিয়ে বন্ধ থাকায় ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকলেও কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা না নিয়েই তাকে ট্যাংকের ভেতরে নামানো হয়। ট্যাংকের ভেতরে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন বাবুরাম। এ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা না করে আসামিরা সময়ক্ষেপণ করেন। পরে সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো একসময় ট্যাংকের ভেতরেই তার মৃত্যু হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, সন্ধ্যা সোয়া ৬টার দিকে অভিযুক্ত লাভলী বেগম, রানা সরকার, মুজিবুল ইসলাম বাবুরামের মরদেহ অটোভ্যানে করে তার বাড়ির আঙিনায় রেখে দ্রুত চলে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

দেবীগঞ্জ থানার ওসি মুসা মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত