৫৪ বছর বয়সে এসএসসি পাস

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:২৫ এএম

সংসারের অভাব-অনটনে কৈশোরেই থেমে গিয়েছিল পড়াশোনা। এরপর কেটে গেছে কয়েক দশক। সন্তানদের মানুষ করতে গিয়ে নিজের পড়াশোনার স্বপ্নটিও একসময় ভুলে গিয়েছিলেন। তবে স্বপ্নটা মরে যায়নি। ৫০ বছর পেরিয়ে আবার হাতে তুলে নেন বই-খাতা। শেষ পর্যন্ত ৫৪ বছর বয়সে এসে এসএসসি পাস করে সেই স্বপ্ন পূরণ করেছেন নাটোরের বাগাতিপাড়ার আলী আকবর। রাজশাহীর নওহাটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাইস্কুলের কারিগরি শাখা থেকে জিপিএ ৪ দশমিক ৩৫ পেয়ে এসএসসি পাস করেছেন তিনি। রাজশাহীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। সেই সূত্রে নগরীতে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। 

আলী আকবর নাটোরের বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মোল্লা শেখ খোকার ছেলে। ছোটবেলা থেকেই অভাব ছিল তার নিত্যসঙ্গী। বাবার সঙ্গে সংসারের হাল ধরতে গিয়ে থেমে যায় পড়াশোনা। ইচ্ছা থাকলেও বাস্তবতার কারণে বই-খাতা ছেড়ে কাজে নামতে হয় তাকে। পরে বিয়ে করেন আলী আকবর। সংসারে আসে এক ছেলে ও এক মেয়ে। সন্তানদের বড় করতে গিয়ে নিজের পড়াশোনার স্বপ্নের কথা ভুলেই গিয়েছিলেন তিনি। একসময় ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালাতে আর্থিক সংকটে পড়লে একটি বেসরকারি হাসপাতালে কর্মচারী হিসেবে চাকরি নেন। সেই উপার্জন দিয়েই সন্তানদের পড়াশোনা চালিয়ে যান।

ছেলেকে মেডিকেল কলেজে পড়িয়েছেন, মেয়েকে পড়িয়েছেন নার্সিং কলেজে। সন্তানদের প্রতিষ্ঠিত করতে জীবনের বড় একটি সময় ব্যয় করেছেন তিনি। সেই ত্যাগের ফলও পেয়েছেন। ছেলে ডা. ইসমাইল হোসেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি একটি সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। পুত্রবধূও একই ক্যাডারের কর্মকর্তা ও চিকিৎসক। মেয়ে যুক্ত হয়েছেন নার্সিং পেশায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত