দেশে পৌঁছেছে বাংলাদেশি পরিবারের ৩ সদস্যের মরদেহ

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:২৬ এএম

ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকা-ের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। হত্যাকা-ের দেড় মাস পর গতকাল শুক্রবার সকাল ৮টায় তাদের মরদেহ ঢাকায় পৌঁছে।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, গতকালই জানাজা শেষে চরকাঁকড়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী এবং পাঁচ বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশা। একই ঘটনায় গুরুতর আহত তাদের একমাত্র ছেলে অয়নও গতকাল দেশে ফিরে জানাজা ও দাফনে অংশ নেয়।

এর আগে গত ২৬ জুন রাতে ইতালির রোম শহরের ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাতে নিহত হন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও কন্যা। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

চাঞ্চল্যকর এ হত্যাকা-ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল আহাদের ছেলে শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন উল্লেখ করে গত ২৭ জুন তার ছবি প্রকাশ করে ইতালীয় আইনশৃঙ্খলা বাহিনী। এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, ছবিতে থাকা ব্যক্তি রোমে ট্রিপল মার্ডারের মূল হোতা বলে সন্দেহ করা হচ্ছে। শাহাদাত হোসেনের বয়স ও জাতীয় পরিচয় উল্লেখ করে তার বিষয়ে কোনো তথ্য থাকলে রোম কোয়েস্টের মোবাইল টিমে জানাতে অনুরোধ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত