গাজীপুরে বিএনপির দুই গ্রুপে অস্ত্রের মহড়া

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৭:২৭ এএম

গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ডেগের চালা এলাকায় ইনডেসোর সুয়েটার কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে স্থানীয় বিএনপির দুই পক্ষ সশস্ত্র মহড়া দিয়েছে। গত বৃহস্পতিবার দিনভর দফায় দফায় চলা অস্ত্রের মহড়া কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের কয়েকটি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অস্ত্রের মহড়ার ভিডিও করার সময় শরীফ ওমর টুটুল নামে স্থানীয় এক সাংবাদিক হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। তিনি প্রতিদিনের কাগজ-এর গাজীপুর মহানগর প্রতিনিধি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মাথার ক্ষতস্থানে চিকিৎসা ও ১৭টি সেলাই দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ওই পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বেশ কিছুদিন এলাকায় উত্তেজনা চলছিল। গত বৃহস্পতিবার সকাল থেকে ডেগের চালা রোডে দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফা মহড়ার একপর্যায়ে সড়কে যান ও জনচলাচল প্রায় বন্ধ হয়ে যায়। আতঙ্কিত লোকজন বাড়িঘরের দরজা-গেট বন্ধ করে এবং ব্যবসায়ীরা দোকানের শাটার নামিয়ে ভেতরে অবস্থান নেন।

এ বিষয়ে ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ ম-ল অভিযোগ করে বলেন, ইনডেসোর সুয়েটার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে লিখিত চুক্তির মাধ্যমে আমি নিয়মিত ঝুট উত্তোলন করছি। সম্প্রতি বিএনপির নাম ব্যবহার করে একটি পক্ষ জোরপূর্বক ওই ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। তাদের নেতৃত্বেই শতাধিক লোক রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে কারখানার সামনে অবস্থান নিয়েছিল।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক টুটুল জানান, অস্ত্রের মহড়া চলার সময় হামিদ ম-লের লোকজনের কাছে পরিস্থিতি জানতে গেলে পেছন থেকে তার মাথায় রামদা দিয়ে কোপ দেওয়া হয়। তিনি কেন ভিডিও করছেন, এটাই ছিল তার অপরাধ।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ওসি গোলাম রব্বানি বলেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষ মারমুখী অবস্থানের খবর পেয়ে পুলিশ পাঠানো হলে পরিস্থিতি শান্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত