ক্রিকেট মাঠে খেলোয়াড়দের জন্য কড়া নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখা হয়। বিশেষ করে খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের সংরক্ষিত এলাকায় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। কিন্তু সম্প্রতি এই নিয়ম ভঙ্গ করে এক অদ্ভুত কারণে শিরোনামে এসেছেন এক তরুণ তামিলনাড়ু ক্রিকেটার। ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে প্রেমিকাকে টেক্সট করায় বড় ধরনের শাস্তি থেকে রক্ষা পেলেও বড় অঙ্কের জরিমানা গুণতে হয়েছে ২৬ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারকে।
বিসিসিআইয়ের দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) তদন্ত সূত্রে জানা গেছে, তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) একটি ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে মুঠোফোনে প্রেমিকার সঙ্গে চ্যাট করছিলেন ওই ক্রিকেটার। যদিও তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনা হয়নি, তবুও সংরক্ষিত এলাকায় মোবাইল ফোন ব্যবহার করায় এটি প্রটোকল বা নিয়ম ভঙ্গ হিসেবে গণ্য করা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘টিএনসিএ এই খেলোয়াড়ের নাম প্রকাশ করবে না কারণ তদন্ত এখনও চলছে। আমি কেবল এটুকু নিশ্চিত করতে পারি যে তিনি একজন বাঁহাতি ব্যাটার, যিনি গত বছরের রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দুটি ফিফটি করেছিলেন। ম্যাচের সময় তাকে প্রেমিকার সঙ্গে টেক্সট করতে দেখা গেছে। যদিও কোনো দুর্নীতির অভিযোগ আনা হয়নি, তবুও ম্যাচের সময় পিএমওএ-তে (ম্যাচ অফিসিয়ালদের সংরক্ষিত এলাকা) মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। তাই এটি একটি প্রটোকল লঙ্ঘন।’
প্রাথমিক পর্যায়ে ওই তরুণ ব্যাটারকে নিয়ে বেশ কঠোর অবস্থানে ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকি তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথাও ভাবছিল। তবে অপরাধটি খুব বেশি গুরুতর না হওয়ায় এবং ম্যাচ চলাকালীন প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত চ্যাট করার বিষয়টি প্রমাণিত হওয়ায় কঠোর শাস্তি লঘু করা হয়। পরবর্তীতে তাকে ২ বছরের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দিয়ে ১ লাখ রুপি জরিমানা করেই বিষয়টি সমাধান করা হয়।
এর আগে আইপিএলের সময় রাজস্থান রয়্যালসের ম্যানেজার এবং বৈভব সূর্যবংশীর অভিভাবক রোমি ভিন্দারও ডাগআউটে মুঠোফোন ব্যবহার করায় ১ লাখ রুপি জরিমানা গুনেছিলেন।