কালীগঞ্জে এক ব্যবসায়ীর বসতবাড়িতে ‘ডাকাত বেশে’ ঢুকে কুপিয়ে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুজন আহত হয়েছেন। গতকাল ভোররাতে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম কামরুন্নাহার আক্তার। তিনি নগরবেলা গায়েনবাড়ি এলাকার বাসিন্দা রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের স্ত্রী। হামলায় গুরুতর আহত হয়েছেন মঞ্জুরুল ইসলাম এবং তার মেয়ে শানজিদা আক্তার মিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত ৩টার দিকে মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত। এ সময় আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে তারা। বাড়িতে ঢুকেই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের কোপাতে শুরু করে। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ততক্ষণে মঞ্জুরুল ইসলামের স্ত্রী মারা যান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।