ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:৫০ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩০ জন। সব মিলিয়ে চলতি মাসের ১৫ দিনে মৃত্যু হয়েছে ১৩ জনের, হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৮৬৩ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১০৭ জন, চট্টগ্রামে ৮৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৭ জন, খুলনায় ১২৩ জন, ময়মনসিংহে ২৭ জন, রংপুরে ১০ জন ভর্তি হয়েছেন। আর এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৬৯৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ১৭৩ জন। মৃত্যু হয়েছে ৬৭ জনের। মৃতদের মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ডেঙ্গু মোট আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ২ শতাংশ নারী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত