রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ শিক্ষার্থী আহত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। বিএসপিআই সূত্র জানায়, আঞ্চলিক ফোরাম ও মোবাইলে স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে ছাত্রাবাসে বসে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুই ফোরামের মধ্যে ১৩ জন আহত হয়। ঘটনায় আহতরা হলো হোসেন নুর আবিদ, মোস্তফা ওবায়দুল, তাকপির হাবিব, আরাফাত আবিব, ইমরান, আব্দুল্লাহ আল তৌসিফ আবিদ প্রমুখ। তারা সবাই বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। আহত ১৩ জনের মধ্যে ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাত্রাবাসে চলে গেছে এবং চারজন ছাত্র চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।