গ্রাহকদের সঞ্চয় করাকে আরও সহজ করতে দেশের অন্যতম শীর্ষ দুই আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশ যৌথভাবে চালু করেছে ডিজিটাল এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) সেবা। ফলে এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহকরা কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়া ঘরে বসে আইডিএলসিতে ফিক্সড ডিপোজিট চালু করতে পারবেন। বর্তমানে ৬ মাস ও ১২ মাস মেয়াদে ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত এফডিআর খোলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। আইডিএলসিতে এফডিআর খোলা থেকে নির্দিষ্ট মেয়াদ অন্তর মুনাফা গ্রহণ এবং মেয়াদ শেষে পুরো টাকা পাওয়া পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটি বিকাশ অ্যাপেই সম্পন্ন করতে পারছেন গ্রাহকরা।
সম্প্রতি আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে যৌথভাবে নতুন এই সেবা চালুর ঘোষণা দেন আইডিএলসি ফাইন্যান্সের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এম জামাল উদ্দিন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাহকরা নির্ধারিত সময় অন্তর তাদের বিকাশ অ্যাকাউন্টেই আইডিএলসির এফডিআরের মুনাফার টাকা পেয়ে যাবেন। বিকাশ অ্যাপ থেকে তারা ডিজিটাল রসিদও ডাউনলোড ও সংরক্ষণ করতে পারবেন। অ্যাপের মাধ্যমে এফডিআর সেবাটি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের (অটো-রিনিউয়াল) সুবিধাও পাওয়া যাবে।