এশিয়ান গেমসে দুই বক্সার

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৮:০২ এএম

গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের রিংয়ে ৫৫ কেজিতে দুর্দান্ত লড়েছেন বাংলাদেশের বক্সর রাকিব হোসেন। কিন্তু এশিয়ান গেমসে রাকিব নয়, যাচ্ছেন উৎসব আহমেদ। এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে গতকাল শনিবার নতুন কমিটির সভা শেষে বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান বলেন, ‘রাকিব ও উৎসব দু’জনেই ৫৫ কেজি ওজন শ্রেণির বক্সার। রাকিব কমনওয়েলথ গেমসে ভালো খেলেছে। কোয়ার্টার ফাইনালেও গিয়েছে। তবে এশিয়ান গেমসের জন্য ট্রায়াল ফাইটে রাকিবের চেয়ে উৎসব ভালো করেছে। তাই আমরা এশিয়ান গেমসের জন্য উৎসবকেই বেছে নিয়েছি।’ যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস সম্পর্কে কুদ্দুস বলেন, ‘কমনওয়েলথ গেমসে ভালো করতে পারেনি জিনাত। তাই আমরা ৬০ কেজিতে বক্সার সেলিম হোসেনকে নিচ্ছি। গত হাংজু এশিয়ান গেমসেও সে ভালো ফাইট দিয়েছিল।’

দেশের ৬৪ জেলায় বক্সিং প্রশিক্ষণ কার্যক্রম ছড়িয়ে দিতে কোচ তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বক্সিং ফেডারেশন। এর অংশ হিসেবে ফেডারেশনের উদ্যোগে ৬৪ জেলার প্রশিক্ষণার্থীদের নিয়ে কোচেস কোর্স আয়োজন করা হচ্ছে। আজ থেকে ১০ দিনব্যাপী এই কোর্সটি ফেডারেশনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবেন ৮০ জন। কোর্সটির উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। কোর্স শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের ‘সি’ গ্রেডের সনদ দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত