গতকাল থেকে শুরু হয়েছে লা লিগা। আজ আর্সেনাল-ম্যানচেস্টার সিটি কমিউনিটি শিল্ডের ম্যাচ দিয়ে ইংলিশ ফুটবল মৌসুমও শুরু হচ্ছে। লাসের সঙ্গে পিএসজি খেলবে ফ্রেঞ্চ সুপার কাপের ম্যাচ। তবে এখনো দলবদল চলছে ইউরোপীয় ফুটবলে। টটেনহ্যাম হটস্পার ছেড়ে স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টিনা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। অন্যদিকে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) নতুন ঠিকানা বেছে নিয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। তবে ফুটবল বিশ্বের সমস্ত নজর এখন এনজো ফার্নান্দেজকে কেন্দ্র করে চেলসি ও ম্যানচেস্টার সিটির স্নায়ুযুদ্ধের দিকে।
দীর্ঘ পাঁচ বছর লন্ডনের ক্লাব টটেনহ্যামে কাটানোর পর স্পেনে নতুন ক্যারিয়ার শুরু করছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো। ২০৩১ সালের জুন পর্যন্ত সাড়ে পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে আতলেতিকো মাদ্রিদ। দলবদলের ফি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের জন্য প্রায় ৪৬.২৭ মিলিয়ন ডলার গুনতে হয়েছে মাদ্রিদের ক্লাবটিকে। পাঁচ বছরে টটেনহ্যামের হয়ে ১৫৬ ম্যাচ খেলা রোমেরো সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘অসংখ্য সুন্দর স্মৃতি এবং অর্জনের গর্ব নিয়ে বিদায় নিচ্ছি।’
পিএসজির ডেরায় বিশ্বকাপজয়ী ফেরান তোরেস: বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে স্পেনকে শিরোপা জেতানো ফরোয়ার্ড ফেরান তোরেসকে আনুষ্ঠানিকভাবে চুক্তিভুক্ত করেছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। ৫ কোটি ইউরো ট্রান্সফার ফি-তে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তিতে প্যারিসে যোগ দিলেন এই ২৬ বছর বয়সী তারকা। স্পেন জাতীয় দলের সাবেক কোচ লুইস এনরিকে এখন পিএসজির কোচ। আবারও সাবেক শিষ্যকে পেয়ে উচ্ছ্বসিত পিএসজি কোচ বলেন, ‘দলকে জেতানোর ধারা বজায় রাখতে হলে কঠিন সিদ্ধান্ত নিতে হয় এবং স্কোয়াডে পরিবর্তন আনতে হয়। তোরেস ঠিক তেমনই একজন খেলোয়াড় যে আমাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
এনজোকে ঘিরে চেলসি-সিটির ১২০ মিলিয়নের নাটকীয়তা : এনজোর দলবদলের জন্য ১২০ মিলিয়ন পাউন্ডের লিখিত প্রস্তাব দিতে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে রাখা হয়েছিল। তবে সিটি নির্ধারিত সময়ে অফিশিয়াল বিড না করায় পূর্ববর্তী সব শর্ত বাতিল করে দিয়েছে চেলসি কর্র্তৃপক্ষ। ২০৩২ সাল পর্যন্ত চুক্তি থাকায় চেলসির প্রত্যাশা, এনজো অন্তত এই মৌসুমে স্ট্যামফোর্ড ব্রিজেই থাকছেন। চেলসির সাবেক কোচ ও সিটির বর্তমান বস এনজো মারেসকা নিজের প্রিয় শিষ্যকে পেতে মরিয়া হলেও নির্ধারিত সময়ে প্রস্তাব পাঠাননি। তবে তিজানি রেইনডার্সকে সৌদি ক্লাবে বিক্রি ও বার্সেলোনার কাছে রদ্রিকে হস্তান্তরের সমঝোতা সম্পন্ন হলে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন শর্তে সিটির বিশাল অঙ্কের অফার নিয়ে আসার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। এদিকে, ম্যানচেস্টার সিটির ব্যালন ডি’অর বিজয়ী মিডফিল্ডার রদ্রির জন্য ৬০ মিলিয়ন পাউন্ডের নতুন অফার তৈরি করছে বার্সেলোনা, যদিও সিটির চাওয়া অন্তত ৭০ মিলিয়ন পাউন্ড।