চট্টগ্রামে চালু হয়েছে ‘মহিলা বাস সার্ভিস’

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

চট্টগ্রাম নগরে নারীদের জন্য চালু হয়েছে গোলাপি রঙের বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। আপাতত চালু হওয়া দুটি বাসের চালক ও হেলপার থাকছেন নারীরাই। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

জেলা প্রশাসন জানায়, বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। নারী যাত্রীদের সুবিধার্থে এ দীর্ঘ পথে ১২টি নির্দিষ্ট স্টপেজ রাখা হয়েছে।  

বিশেষ এই বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন চট্টগ্রামের নারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার বাস্তবায়ন হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, এই উদ্যোগের ফলে গণপরিবহনে নারীদের হয়রানি কমবে। তবে নগরে বাসের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

নারী উদ্যোক্তারা বিশেষ বাস সার্ভিস চালুর জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তাদের দাবি নগরের আয়তন ও নারী কর্মজীবীর সংখ্যা বিবেচনায় বাসের সংখ্যা অনেক বাড়াতে হবে। তাহলে নারীদের হয়রানি অনেকটাই কমবে।

ফরিদা ইয়াসমিন নামে এক উদ্যোক্তা বলেন, বিশেষ এই সার্ভিস চালুর ফলে একদিকে নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে, অন্যদিকে পরিবহন খাতে নারীদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত