চট্টগ্রাম নগরের জেল রোডের শাহ আমানত (রহ.) মাজারে ককটেল বিস্ফোরণের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে মাজারের সামনের উঠান থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন আব্দুল আল মামুন ছোটন (২৯) ও আশরাফুল ইসমাইল ইচনান (২৪)। পুলিশ জানিয়েছে, তারা চান্দগাঁও ও পাঁচলাইশ থানা ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, রাতে মাজারের উঠানে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন মাজারের লোকজন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই তারা ককটেলটি নিয়ে মাজারে এসেছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আটক দুজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি