সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আরও ১ জনের মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গুরুতর আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) টানা ছয়দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ইদ্রিস আলী (৫০) নামে ওই শ্রমিক মারা যান। এ নিয়ে মর্মান্তিক ওই দুর্ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, চিকিৎসাধীন থাকা অবস্থায় আহত শ্রমিক ইদ্রিস আলীর মৃত্যু হয়েছে।

ইদ্রিস আলীর বাড়ি জামালপুর জেলায়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। 

এর আগে গত ১৪ আগস্ট সকালে ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকায় অবস্থিত ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে’ দুর্ঘটনা ঘটে। কারখানাটিতে ‘এমটি রাসি’ নামে একটি পুরোনো জাহাজের ব্যালাস্ট ট্যাংক কাটার সময় হঠাৎই প্রাণঘাতী বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ঘটনাস্থল ও হাসপাতালে তাৎক্ষণিকভাবে ৯ জন শ্রমিকের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত