অলি আহমদের অভিনন্দন

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৩:০১ এএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এ অভিনন্দন বার্তায় গতকাল তিনি বলেন, ‘আমি আশা করি রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা, গণতন্ত্র এবং ইনসাফের সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন।’

এর আগে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অলি আহমদ। তিনি বলেন, ‘জনগণ একজন রাষ্ট্রপতির কাছ থেকে যা প্রত্যাশা করে, তার (মির্জা ফখরুল) কর্মকাণ্ডের মাধ্যমে তার প্রতিফলন ঘটবে বলে আমি আশা করি। এই নির্বাচনের ফল নির্ধারিত। কোনো সংসদ সদস্য তার ইচ্ছায় ভোট দিতে পারেন না। দলের পক্ষ থেকে যেখানে ভোট দিতে বলবে সেখানেই দিতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কেউ যদি দলের বাইরে ভোট দেয়, তাহলে তার পদ থাকবে না। এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত।’

তিনি বলেন, ‘আমরা গত নির্বাচনের আগে সংবিধানের সংশোধনের বিষয়টি জনগণের সামনে নিয়ে গিয়েছিলাম। বিএনপি প্রায় তিন-চার বছর আগের তাদের ৩১ দফায় সাত নম্বর দফায় বলেছিল, ক্ষমতায় এলে ৭০ অনুচ্ছেদ উঠিয়ে দেওয়া হবে। শুধু দুটি ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।’

 ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকলেও তড়িঘড়ি করে নির্বাচন করা হয়েছে অভিযোগ করে অলি আহমদ বলেন, ‘হয়তো তারা (বিএনপি) মনে করছে, সংবিধান সংশোধনের আগে নির্বাচনটি করলে তাদের প্রার্থী জয়লাভ করবে। সংশোধন হয়ে গেলে হয়তো সমস্যা সৃষ্টি হতে পারে।’

এলডিপি প্রধান বলেন, ‘এখানে সরকারি দল থেকে মির্জা ফখরুল ইসলামকে প্রার্থী দেওয়া হয়েছে। উনাকে আমি ২০০১ সালের আগে তেমন দেখিনি। কেন্দ্রীয় পর্যায়ে দেখিনি, হয়তো এলাকায় কাজ করেছেন।’

রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে তিনি বলেন, ‘বঙ্গভবনে তিনটা বুজুর্গের মাজার আর একটা মসজিদ আছে। এই তিনটা মাজার জেয়ারত আর মসজিদে গিয়ে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে কাজ করার আর সুযোগ নেই। আমরা আগামী দিনে সংসদ বসলে ক্ষমতার ভারসাম্য আসবে, জনগণের জন্য সুশাসন প্রতিষ্ঠা হবে এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করবে।’

বিভিন্ন সংস্থা জরিপ করেছে দাবি করে অলি আহমদ বলেন, ‘সেখানে আমাকে ৬৮ থেকে ৭০ শতাংশ জনগণ সমর্থন দিয়েছে। মির্জা ফখরুল ইসলামকে ২৮ থেকে ৩২ শতাংশ সমর্থন দিয়েছে। সুতরাং জনগণ তাদের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত