ইউটিউবে ‘ভিউ’ সংখ্যা বাড়ছে

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১২:০৯ এএম

ভিডিও দেখার গণনায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ইউটিউব। এ পরিবর্তনের আওতায় আগামী সপ্তাহ থেকেই বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির ভিডিওগুলোতে পাবলিক ভিউয়ের সংখ্যা দ্রুত বাড়তে দেখা যাবে। প্ল্যাটফর্মে প্রকাশিত ভিডিওর ‘পাবলিক ভিউ’ গণনার নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়ে ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউব বলেছে, নতুন নীতিতে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।

তবে দর্শক ভিডিওটি কতক্ষণ মনোযোগ দিয়ে দেখেছেন জানার জন্য কনটেন্ট নির্মাতারা ‘অ্যাঙ্গেজড ভিউস’ নামের সুবিধাটি ব্যবহারের সুযোগ পাবেন। আগামী ২৪ আগস্ট থেকে বিশ^জুড়ে এই নতুন নীতি কার্যকর হতে যাচ্ছে। নতুন এ সিদ্ধান্তের বিষয়ে ইউটিউব তাদের সাপোর্ট পেজে বলেছে, অতীতে আমরা বিভিন্ন ফরম্যাটের ভিডিওর ক্ষেত্রে একাধিক ভিউ গণনা পদ্ধতি ব্যবহার করতাম।

‘তবে ক্রিয়েটরদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, তারা এ মেট্রিক্স সংক্রান্ত দ্বিধা দূর করে নিজেদের ভিডিওর সঠিক এক্সপোজার বুঝতে চান। এ কারণেই আমরা এই আপডেট এনেছি!’ এ পরিবর্তনের ফলে এখন সাধারণ বিভিন্ন ভিডিওকেও ‘শর্টস’-এর মতো একই নীতিতে গণনা করবে ইউটিউব। ২০২৫ সালেই ‘শর্টস’ ফরম্যাটের ভিডিওর ক্ষেত্রে সর্বনিম্ন সময় দেখার বাধ্যবাধকতা তুলে নিয়েছিল কোম্পানিটি।

মনিটাইজেশনের যোগ্যতার ক্ষেত্রেও তা কোনো বাধা হবে না। বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে কারণ গেল সপ্তাহেই ‘পার্টনার প্রোগ্রাম’-এ অংশ নেওয়ার বেশ কয়েকটি শর্ত দ্বিগুণ করেছিল ইউটিউব। ইউটিউব বলেছে, “নির্মাতাদের আয় আগের মতোই ‘অ্যাঙ্গেজড শর্টস ভিউস’ ও ‘অ্যাঙ্গেজড ওয়াচ আওয়ার্স’-এর ওপর ভিত্তি করে নির্ধারিত হবে, যা ইউটিউব অ্যানালিটিক্সের অ্যাডভান্সড মোডে গিয়ে দেখা যাবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত