দূরত্ব বাড়লেও বন্ধুত্ব কমেনি

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:২৯ এএম

কিছু সম্পর্ক সময়ের সঙ্গে বদলে যায় না, বরং সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়। বন্ধুত্বের ক্ষেত্রেও এমনটি ঘটে। আল আতিক আমার জীবনের তেমনই একজন বন্ধু। সেই স্কুলে থাকতে আমাদের পরিচয়। এরপর একসঙ্গে একই কলেজে পড়েছি। প্রায় ১১ বছর একই ক্লাস, একই টিউটরের কাছে পড়েছি, বিকেলে খেলাধুলা আর অগণিত আড্ডায় কেটেছে আমাদের সময়। কিন্তু এরপর নিয়তি আর সায় দিল না, আলাদা হয়ে গেলাম বিশ্ববিদ্যালয় জীবনে এসে।

প্রথমবারের মতো আমাদের দুই বন্ধুর পথ আলাদা হয়ে গেল। আতিক এখন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী, আর আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের। তবে এটুকু বলতে পারি যে, দূরত্ব বেড়েছে, কিন্তু বন্ধুত্বের জায়গাটা একটুও বদলায়নি। ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, সময়ের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর হয়েছে। তাই তো ভাগ্যের নির্মমতায় আজ দুজন দুই পথে হাঁটলেও দূরত্ব কখনো আমাদের মাঝে বাধা হতে পারেনি।

ক্যাম্পাসে আসার আগে তার গ্রামের বাড়িতে চমৎকার কিছু সময় কাটিয়েছিলাম। খোলা মাঠে ঘুরে বেড়ানো, বাজারে যাওয়া, পুকুরে গোসল আর রাতে ফুটবল খেলা দেখতে যাওয়ার স্মৃতিগুলো আজও মনে পড়ে। এখন আমরা আলাদা শহরে থাকলেও প্রায় প্রতিদিনই ফোনে কথা হয়। আতিকের সহজ সরল স্বভাব ও আন্তরিকতা তাকে আমার সবচেয়ে আপন মানুষদের একজন করে তুলেছে।

লেখক : শিক্ষার্থী, প্রথম বর্ষ, ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত