জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে ঊর্বশী, ফের বিতর্ক

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম

বলিউড অভিনেত্রী ঊবশী রাওতেলা মানেই চর্চা। এবারের ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর ফাইনালেও তার ব্যতিক্রম হলো না। এ বছরের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের আসনে ছিলেন ঊর্বশী। তিনি নিজেও একসময় সুন্দরী প্রতিযোগিতার অংশ ছিলেন। ব্রহ্মাণ্ডসুন্দরী অনুষ্ঠানের দিন তার পরনে ছিল ভারতের জাতীয় পতাকার রঙে অনুপ্রাণিত একটি জমকালো পোশাক। তবে সেই পোশাক নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। অনেকের দাবি, তিনি দেশাত্মবোধকে তুলে ধরেছেন। আবার কারো চোখে এই সাজ অসম্মানজনক। 

গেরুয়া, সাদা এবং সবুজ রঙের জাতীয় পতাকার আদলে তৈরি তার পোশাক। কাঁধখোলা পোশাকের মাঝখানে একটি নীল রঙের অশোকচক্র। আঁটোসাঁটো পোশাকটি তাঁর শরীরের গড়নকেও ফুটিয়ে তুলেছিল। কাঁধ এবং বাহুর উপর নেমে এসেছিল রুপোলি রঙে মুক্তোর মতো ঝালর। পোশাকের সঙ্গে সাজেও ছিল আড়ম্বরের ছোঁয়া। কানে বড় ঝোলা হিরের দুল, হাতে একাধিক রুপোলি চুড়ি এবং আঙুলে ভারী আংটি পরেছিলেন উর্বশী। চোখেমুখে গাঢ় প্রসাধনীও নজর কেড়েছিল। 

পোশাকটি নিয়ে ঊর্বশী বলেন, ‘আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ সত্যিই আমার নিজেকে ভারত মনে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যে পোশাকটি পরেছি, সেটি জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত।’ তবে পোশাকটি প্রশংসার পাশাপাশি বিতর্কও তৈরি করেছে। অনেকেই জাতীয় পতাকার রংকে এমন ভাবে পোশাকে তুলে ধরাকে ভাল ভাবে গ্রহণ করেননি। পতাকার অসম্মান হয়েছে বলেও অনেকে মনে করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত