মাছের স্পার্ম সংরক্ষণ গবেষণায় জাতীয় মৎস্য পদক পেলেন ড. রফিকুল ইসলাম

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৭ এএম

মাছের স্পার্ম সংরক্ষণ গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন ড. মো. রফিকুল ইসলাম সরদার।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের হাতে ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ ও সনদপত্র তুলে দেন।

অধ্যাপক রফিকুল ইসলাম সরদারের গবেষণার ক্ষেত্র মাছের স্পার্ম সংরক্ষণ, যাকে একাডেমিক ভাষায় ক্রায়োপ্রিজারভেশন হিসেবে অবিহিত করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে মাছের স্পার্ম সংরক্ষণ করে পরবর্তী সময়ে মাছের ডিম নিষিক্ত করে পোনা উৎপাদন করা হয়। এরপর সেই পোনা বড় করে গুণগত মানসম্পন্ন ব্রুড বা মা-মাছ তৈরি করা হচ্ছে।

অধ্যাপক রফিকুল ইসলাম সরদার বলেন, গবাদিপশুর ক্ষেত্রে যেমন উন্নত জাতের প্রজননের জন্য সংরক্ষিত স্পার্ম ব্যবহার করা হয়, একইভাবে মাছের ক্ষেত্রেও এই প্রযুক্তি প্রয়োগ করে উন্নতমানের মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। এর মাধ্যমে ভালো মানের ব্রুড মাছ তৈরি করা এবং ভবিষ্যতে মাছের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে।

গবেষণাকাজের প্রয়োগ ও অবদানের স্বীকৃতি হিসেবে গত ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে স্বর্ণপদক দেওয়া হয়। অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন চাষি, উদ্যোক্তা, খামারি ও গবেষককে স্বর্ণপদক দেওয়া হয়। এর মধ্যে গবেষক ক্যাটাগরিতে তিনিও একজন হিসেবে এই স্বর্ণপদক পেয়েছেন।

এই স্বীকৃতি তার গবেষণাকাজকে আরও উৎসাহিত করবে বলে জানান অধ্যাপক রফিকুল ইসলাম সরদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত