মেয়েকে হত্যার ১২ বছর পর বাবার মৃত্যুদন্ড

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩২ এএম

মৌলভীবাজারে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যার দায়ে শরীফ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত শরীফ আলী জেলার কমলগঞ্জ উপজেলা পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছর বয়সী মেয়ে রুনা বেগমকে ধারালো দা দিয়ে গলায় কুপিয়ে হত্যা করেন শরীফ আলী। ঘটনার পর শরীফের স্ত্রী ও নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা। সালেক মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির ওপর হত্যাকা-ের দায় চাপিয়ে তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই শরীফ আলী নিজ সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিলেন। পরে পুলিশ শরীফ আলীকে আটক করলে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে নিজের অপরাধ স্বীকার করে সে।

দীর্ঘ ১২ বছর শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদ- এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত