মাদকের তথ্যে মিলল আগ্নেয়াস্ত্র

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩ এএম

চট্টগ্রাম থেকে একটি ব্যক্তিগত গাড়িতে করে মাদক ঢাকায় আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউটার্ন-সংলগ্ন মুক্তি পেট্রোলপাম্পের সামনে বসানো হয় চেকপোস্ট। তল্লাশিতে ঘটনাস্থলে মাদক না পেলেও জিজ্ঞাসাবাদের পর বাসায় গিয়ে মিলল বিদেশি আগ্নেয়াস্ত্র। গতকাল সোমবার রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেনÑ মো. সজীব, মো. হিমু, মো. তুষার, মো. জয়, মো. টুটুল ও মো. ইমরান। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সজীব ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদকের কারবারি সজল ওরফে অটো সজলের ছোট ভাই।

ফারুক হোসেন বলেন, মাদক আনার তথ্যে যাত্রাবাড়ীর মাতুয়াইলে মুক্তি পেট্রোলপাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িতে থাকা ছয়জনকে আটক করা হলেও তাদের দেহ ও গাড়ি তল্লাশি করে কোনো মাদক পাওয়া যায়নি। পরে তাদের তথ্যমতে গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাটে মাদক থাকার তথ্য পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে সজীব ও হিমুর দেওয়া তথ্য অনুযায়ী একটি কক্ষের খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি ও ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গত ২ মার্চ মাদকবিরোধী অভিযান চালানোর সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওয়ারী থানায় মামলা হয়। তদন্তে তিনজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, একটি ৩২ বোর রিভলবার, একটি ৭.৬৫ এমএম পিস্তল ও ২৩টি গুলি উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতদের জবানবন্দিতে জানা যায়, ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র সজল ওরফে অটো সজল সরবরাহ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত