গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরীকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল এবং প্রযুক্তিকে একসূত্রে বেঁধে তরুণদের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্যেই জনপ্রিয় এই ফুটবলারকে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
ইংলিশ ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এবং বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে দেশের ফুটবলপ্রেমীদের কাছে হামজা এক অত্যন্ত আলোচিত ও জনপ্রিয় নাম। মাঠে তার দৃঢ়তা, পারফরম্যান্স এবং লড়াকু মানসিকতা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। দেশের ফুটবলের এই গুরুত্বপূর্ণ সময়ে টেকনোর ‘স্টপ অ্যান্ড অ্যাট নথিং’ স্লোগানের সঙ্গে হামজার এই পার্টনারশিপের ঘোষণা এলো। টেকনোর এই স্লোগানটি মূলত কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
উল্লেখ্য, টেকনো বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে ‘টেকনো কাপ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সর হিসেবেও কাজ করছে।
পার্টনারশিপের বিষয়ে টেকনো বাংলাদেশের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, “হামজার মধ্যে আমরা যে উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং প্রতিযোগিতায় সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা দেখি, তা টেকনোর স্লোগানের সঙ্গে হুবহু মিলে যায়। হামজা এখন টেকনো পরিবারের অংশ। একই সঙ্গে ‘টেকনো কাপ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’ আয়োজন চলছে। এই দুইয়ের সমন্বয়ে প্রযুক্তি ও ফুটবলকে আরও কাছাকাছি এনে আমরা দেশের ফুটবলপ্রেমীদের দারুণ কিছু অভিজ্ঞতা উপহার দিতে চাই।”
টেকনোর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, “বাংলাদেশ আমার কাছে খুবই বিশেষ। এখানকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা সত্যিই অসাধারণ। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবসময় সামনে এগিয়ে যাওয়া এবং নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যে দর্শন, তার সঙ্গে আমি নিজেকে মেলাতে পারি। আমরা একসাথে ভক্তদের জন্য দারুণ কিছু করার অপেক্ষায় আছি।”
এই চুক্তির আওতায় টেকনোর আসন্ন ক্যামন সিরিজের প্রচারণাসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রোডাক্ট ক্যাম্পেইনে দেখা যাবে হামজাকে। এছাড়া ফুটবলকেন্দ্রিক ডিজিটাল কনটেন্ট, ফ্যান অ্যাক্টিভেশন এবং বিভিন্ন কনজ্যুমার ক্যাম্পেইনেও তিনি যুক্ত থাকবেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিং নিয়ে কাজ করা টেকনো, হামজার মাধ্যমে ফুটবলের সেরা মুহূর্তগুলো ধারণ করে ভক্তদের নতুন ডিজিটাল অভিজ্ঞতা দিতে গুরুত্ব দেবে।