ব্রাজিলের জন্য সরকার টাকা খরচ করবে না

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৮:৩৪ এএম

অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সফরটি আয়োজন করতে হলে বড় অঙ্কের অর্থই খরচ হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। সে খরচ মেটাতে সরকারের দ্বারস্থ হওয়ার আভাস আগের দিনই দিয়েছিল বাফুফে। গতকাল ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক প্রশ্নে উত্তরে ব্রাজিলের সফর নিয়ে সরকার কোনো অর্থ ব্যয়ের মানসিকতায় নেই বলে জানিয়ে দিয়েছেন।

সম্প্রতি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করে। বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়েও বাফুফের সঙ্গে আলোচনা করেছে তারা। সম্ভাব্য ম্যাচের তারিখ হিসাবে ৫ কিংবা ৬ অক্টোবরের কথা সামনে এসেছে। তবে ম্যাচটি এখনো চূড়ান্ত হয়নি।

ব্রাজিলকে বাংলাদেশে আনতে ৫০ থেকে ৬০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে সরকারের অবস্থান জানতে চাইলে ক্রীড়া মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারকে বড় ধরনের ব্যয় বহন করতে হচ্ছে। তাই একটি ফুটবল ম্যাচ কেন্দ্র করে সরকারি অর্থ ব্যয়ের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবে বাফুফে বিভিন্ন উৎস থেকে স্পন্সরশিপ সংগ্রহ করে আয়োজনটি বাস্তবায়ন করতে পারলে সরকার সার্বিক সহযোগিতা করবে।’ তিনি যোগ করেন, ‘ব্রাজিলের বাংলাদেশ সফরের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ম্যাচ আয়োজনের সম্ভাব্য ব্যয় ও আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। ফলে এ মুহূর্তে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো আর্থিক প্রতিশ্রুতিও দেওয়া যাচ্ছে না।’

ব্রাজিল বাংলাদেশে এসে জাতীয় দলের বিপক্ষে খেললে সেটিকে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। তবে ব্রাজিল বাংলাদেশে এলে বাংলাদেশের ফুটবলে কী লাভ? এমন প্রশ্নও হয়েছে। ব্রাজিলের মতো একটি দলের বিপক্ষে ম্যাচ খেললেই বাংলাদেশের ফুটবলে কাক্সিক্ষত পরিবর্তন আসবে এমনটি মনে করেন না তিনি। ‘আমরা যেটা বিশ্বাস করি, ব্রাজিল টিম যদি বাংলাদেশে আসে, এসে যদি আবার বাংলাদেশ টিমের সঙ্গে খেলে, তাহলে সেটি বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশের ফুটবল কতটুকু এগোবে এর মাধ্যমে, এটি নিয়ে আমি খুব বেশি আশাবাদী নই এ কারণে, ম্যাচ হবে, হয়তোবা বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে খেলবে, মানুষের যে প্রত্যাশা... সেটি হয়তোবা পূরণ হবে। দর্শকরা হয়তোবা একটু আনন্দিত হবেন, কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে এ বিষয়ের সঙ্গে আমি একমত নই।’

তবে একই সঙ্গে শুধু তার মতে, বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নতির জন্য প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করা। আগামী পাঁচ বা ১০ বছরে ফুটবলের কাঠামো শক্তিশালী করতে সরকার সে লক্ষ্যেই কাজ করছে। প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন করে খেলাধুলার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হচ্ছে। প্রতিভাবানদের বিকেএসপিতে প্রশিক্ষণ ও শিক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এভাবেই ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী খেলোয়াড়ভিত্তি তৈরি করতে চায় সরকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত