ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপ সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার আসন্ন প্রতিযোগিতার জন্য প্রধান কোচ টমাস ডুলি ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। তবে এ তালিকায় নেই ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী, কানাডা প্রবাসী শমিত সোম কিংবা ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুলের নাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, তালিকায় নাম না থাকলেও তারা বিভিন্ন দেশে খেলছেন। তারা সুযোগ মতো এসে দলে যোগ দেবেন।
ডাক পাওয়া ফুটবলারদের বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে জাতীয় দলের ক্যাম্পে গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে রিপোর্ট করতে বলা হয়েছে। সেখান থেকেই কোচ থমাস ডুলির অধীনে শুরু হবে আসন্ন আসরের প্রস্তুতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৭ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত জাতীয় দলের খেলোয়াড়দের ছাড় দেওয়ার জন্য সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অনুরোধ জানিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হওয়ার কথা ফিফা আসিয়ান কাপের।
টমাস ডুলির প্রাথমিক দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন মিতুল মারমা, আনিসুর রহমান জিকো, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে রয়েছেন তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজউদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন ও ঈসা ফয়সাল। মিডফিল্ডে ডাক পেয়েছেন জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা-২, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন ও কাজেম কিরমানি। আক্রমণভাগে রয়েছেন রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান মানিক, শাহরিয়ার ইমন, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল। ইন্দোনেশিয়ায় শুরু হতে যাওয়া আসিয়ান কাপে ভালো ফলের লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। নতুন কোচ টমাস ডুলির অধীনে দলটি কতটা নিজেদের গুছিয়ে নিতে পারে, তা-ই এখন মূল অপেক্ষা।