দীর্ঘদিন বন্ধ থাকা কলকারখানা পুনরায় চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে অগ্রগতি হয়েছে। এ প্যাকেজের আওতায় ৪১ হাজার কোটি টাকা দিতে ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ চুক্তির ঘোষণা দেওয়া হয়।
প্রণোদনা প্যাকেজে অর্থ দিতে সম্মত হওয়া ১৭টি ব্যাংক হলো- সোনালী, অগ্রণী, রূপালী, ব্র্যাক, সিটি, যমুনা, ডাচ্-বাংলা, মিউচুয়াল ট্রাস্ট, উত্তরা, প্রাইম, ব্যাংক এশিয়া, এনসিসি, পূবালী, ইস্টার্ন, মার্কেন্টাইল, ট্রাস্ট ও সাউথইস্ট ব্যাংক। এর আগে গত ২৩ মে অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার এ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।