ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে একটি চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক (এমডিবি)। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা সরকার এবং ইউনাইটেড গ্রুপের হেলথকেয়ার ডিভিশনের সিইও মোহাম্মদ ফয়জুর রহমান। এই চুক্তির মাধ্যমে এমডিবির কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারী, তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ স্বাস্থ্যসেবা প্যাকেজে ৩০ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া সব ধরনের প্যাথলজিক্যাল টেস্টে ২০ শতাংশ, ডায়াগনস্টিক টেস্ট ও অন্য সেবায় ১০ শতাংশ ছাড় এবং ইনপেশেন্ট রুম ভাড়ায় ৫ শতাংশ ছাড় উপভোগ করবেন। এই চুক্তির লক্ষ্য এমডিবির কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারীদের মানসম্মত স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সেবা গ্রহণের সুযোগ প্রদানের পাশাপাশি মিডল্যান্ড ব্যাংকের মূল্য সংযোজিত সুবিধাগুলো আরও সমৃদ্ধ করা।
চুক্তি সই অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষে অন্যদের মধ্যে ছিলেন কার্ডস বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমান এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এসএম এনামুল হক। ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আবু রায়হান আল বেরুনী এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আরিফুল হক। এ সময় উভয়প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলে কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডারদের উন্নত স্বাস্থ্যসেবা ও লাইফস্টাইল সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।