উপহারের জার্সি নিয়ে বিপাকে সাইক্লিং

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:১১ এএম

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনকে আন্তর্জাতিক সাইক্লিস্ট ইউনিয়নের (ইউসিআই) উপহার দেওয়া ১২ সেট জার্সি প্রায় দেড় মাস ধরে বিমানবন্দরের কাস্টমসে আটকে আছে। জার্সিগুলো ছাড়িয়ে নিতে ২ লাখ ৮০ হাজার টাকা শুল্ক দাবি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এই শুল্ক দিতে অনাগ্রহী বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন নানা দৌড়ঝাঁপ করেও এখনো জার্সিগুলো হাতে পায়নি।

 ফেডারেশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের খেলোয়াড়দের জন্য জার্সির ডিজাইন ইউসিআইয়ের কাছে পাঠানো হয়েছিল। অনুমোদনের পর ইউসিআই জার্সিগুলো তৈরি করে উপহার হিসেবে বাংলাদেশে পাঠায়। তবে প্যাকেটের গায়ে ১ হাজার ৮০০ সুইস ফ্রাঁ মূল্য উল্লেখ থাকায় জটিলতা তৈরি হয়। ফেডারেশনের দাবি, এটি তৈরির খরচ হিসেবে উল্লেখ করা হলেও কাস্টমস ওই মূল্য ধরে শুল্ক নির্ধারণ করেছে। সমস্যা সমাধানে ইউসিআই চিঠি দিয়ে জার্সিগুলো উপহার হিসেবে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। এরপরও জার্সি ছাড়ানো যায়নি। ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান বলেন, ‘বিষয়টি আমরা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে তুলে ধরেছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত