গীতিকবি হিসেবে বাচসাস সম্মাননা পেলেন রিজভী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

গীতিকার রেজাউর রহমান রিজভীর গানের সঙ্গে পথচলা এক যুগেরও বেশি সময় ধরে। এই দীর্ঘ সময়ে গান লেখার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন অসংখ্য সম্মাননা। এরই ধারাবাহিকতায় এবার গীতিকার হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর স্বীকৃতি পেলেন তিনি।

সম্প্রতি ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে রিজভীর হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রকাশনা তুলে দেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুলসহ কার্যকরী কমিটির সদস্যরা। এ সময় রিজভী বাচসাসের কার্যকরী কমিটির সবাইকে কৃতজ্ঞতা জানান এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার অনুরোধ করেন।

প্রসঙ্গত, সাংবাদিকতা, অভিনয়, নাট্যরচনা ও সাহিত্যচর্চার পাশাপাশি গীতিকার হিসেবেও দীর্ঘ ও সমৃদ্ধ সময় পার করছেন রেজাউর রহমান রিজভী। তাঁর প্রথম প্রকাশিত গান ‘সুখ পাখি’। ২০১৩ সালের এপ্রিলে সিডি চয়েসের ব্যানারে গানটি প্রকাশিত হয়। এতে কণ্ঠ দেন শিল্পী রাকিব মোসাব্বির। একই মাসে প্রকাশিত হয় তাঁর লেখা দ্বিতীয় গান ‘ছলনা’। এরপর থেকে নিয়মিতভাবে তাঁর লেখা নতুন নতুন গান শ্রোতাদের কাছে পৌঁছেছে।

এ পর্যন্ত তাঁর লেখা অসংখ্য গান প্রকাশিত হয়েছে। এসব গানে এপার ও ওপার বাংলার শতাধিক শিল্পী কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে ২০১৫ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত ‘সুপ্রিয় বাংলাদেশ’ শীর্ষক অ্যালবামে রিজভীর লেখা ‘মায়ের বুকে’ শিরোনামের দেশাত্মবোধক গানটিতে ১১ জন শিল্পী কণ্ঠ দেন। তাঁরা হলেন—মেহেদী হাসান সজল, তারিকুল ইসলাম মাসুম, ফারাবী ইসলাম, মৌমিতা তাশরিন নদী, আহমেদ হুমায়ূন, শামীম আশিক, আশরাফ, এম এস রানা, রিহান, লুৎফর হাসান ও নিজু।

এ ছাড়া রিজভীর লেখা গান গেয়েছেন ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, ন্যান্সি, বেলাল খান, এফ এ সুমন, তৌসিফ আহমেদ, টি ডব্লিউ সৈনিক, সাব্বির জামান, সোহেল মেহেদী, পুলক অধিকারী, সাজু আহমেদ, নওরীন শরীফ শার্লিন, মাহমুদ সানি, ইলিয়াস হোসাইন, তানজিনা করিম স্বরলিপি, লোপা হোসাইন, মোহাম্মদ মিলন, ফরিদা আক্তার পপি, আমিরুল মোমেনিন মানিক, সাবরিনা সাবা, মনমি, অভী তালুকদার, তামান্না প্রমী, শাহেদ, সোহেল জন, নিশি, ইউসুফ রাজা, কামরুল ইসলাম, দীপু, এম আলী, নমন, আর্নিক, অশ্রু, তানভীর তারেক, নিলয়, রিয়াজ লিটন, মাইশা, মেহেদী, শুভ, সাবরিন, বাশার, পলক হাসান, সানি আজাদ, তৌসিফ, রাশিদুল মনসুর পলাশ, খায়রুল বাশার, শীলা দেবী, বারী দেওয়ান হৃদয়, ফাহিম ফয়সাল, মার্লিন, সুমি মির্জা, রিফাত খন্দকার প্রমুখ।

ভারতের যেসব শিল্পী রিজভীর লেখা গান গেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম মধুরা ভট্টাচার্য, সোমচন্দ্রা ভট্টাচার্য, তন্ময় দাস, গোপিকা গোস্বামী ও রূপক তেওয়ারী প্রমুখ।

রিজভী দেশের স্বনামধন্য সুরকার ও সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। তাঁদের মধ্যে অন্যতম বাপ্পা মজুমদার, এফ এ সুমন, সজীব দাস, টনি রেনার, রাজন সাহা, অমিত চ্যাটার্জি, জুয়েল মোর্শেদ, জাহিদ বাশার পঙ্কজ, রাকিব মোসাব্বির, মাহমুদ সানি, প্লাবন কোরেশী, লুৎফর হাসান, রানা আখন্দ, আমিরুল মোমেনিন মানিক, সাজেদুর শাহেদ, নসরুল হক রনি, সাজু আহমেদ, রাহুল মুৎসুদ্দী, ইলিয়াস হোসাইন, রেজওয়ান শেখ, এম আলী, নমন, তানভীর তারেক, এস এম তুষার, শামীম আশিক, আহমেদ সাজিব ও বারী দেওয়ান হৃদয় প্রমুখ।

নিজের লেখা ও প্রকাশিত ৫৪টি গান নিয়ে ২০১৮ সালে অমর একুশে বইমেলায় দোয়েল প্রকাশনী থেকে ‘আমার গানের খাতা’ শিরোনামে একটি বইও প্রকাশ করেছেন রিজভী। এ ছাড়া গীতিকবি সংঘ বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ‘সংঘজনের গীতিকবিতা’ শিরোনামের বইয়ে বাংলাদেশের স্বনামধন্য গীতিকারদের সঙ্গে রিজভীর লেখা গান ও জীবনী স্থান পেয়েছে।

ব্যক্তিগত জীবনে স্ত্রী জান্নাতুল কাওছার, কন্যা তানজীবা নাওয়ার রূপন্তি ও পুত্র রুয়াফি রহমান রিহানকে নিয়ে রিজভীর পরিবার। তাঁর বাবা বজলুর রহমান শাহীন ও মা শাহনাজ পারভীন নাজমা। রিজভীর জন্মস্থান ঢাকার মিরপুরে। তাঁর পৈতৃক বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে এবং মায়ের বাড়ি একই জেলার ভেড়ামারা উপজেলায়।

গান লেখার স্বীকৃতিস্বরূপ রিজভী স্টার অ্যাওয়ার্ড, বাংলার সংগীত স্বাধীনতা স্মারক, বাংলার সংগীত পারফরম্যান্স অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। বর্তমানে সাংগঠনিকভাবে তিনি গীতিকবি সংঘ বাংলাদেশের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত