নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব মো. শহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের পাঁচপাকিয়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামানন্দ খাজুরা ইউনিয়ন জামায়াতের আমীর মো. হাবীবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি মীর কুতুবুল আলম, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মন্নাফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু মুসা ফেরদৌস, উপজেলা জামায়াতের সদস্য মাওলানা সেলিম খান, চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আল-আমিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. শহিদুল ইসলাম বর্তমানে রামানন্দ খাজুরা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইসলামী ছাত্রশিবিরের নেতার দায়িত্বেও ছিলেন।