লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক

ব্যাংক খাতের অব্যবস্থাপনা ও ঋণের বোঝা প্রসঙ্গে তিনি আরও বলেন, বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা মাথায় নিয়েই বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে এবং গত ছয় মাসে রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করতে হয়েছে।

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরের আশরাফাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের সরাসরি সম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তার লক্ষ্যে ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

ডিএসসিসি প্রশাসক বলেন, বিরোধীদের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল সরকারের নেওয়া উদ্যোগের বাইরে আর কী কী করা যায়। পেট্রোল পুড়িয়ে লংমার্চ করার পেছনে যে বৈদেশিক মুদ্রায় জ্বালানি কিনতে হয়, সে কথা মাথায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধীদল খালি বক্তৃতা দেয়, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য কোনো প্রোগ্রাম করেছে? আবর্জনা মুক্ত করার জন্য কোনো কর্মসূচি দিয়েছে? দেয় নাই। খালি এই হয়ে গেল, এই হলো না, এখনই দরকার—এটা কি হাওয়া থেকে আসবে?’

ব্যাংক খাতের অব্যবস্থাপনা ও ঋণের বোঝা প্রসঙ্গে তিনি আরও বলেন, বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা মাথায় নিয়েই বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে এবং গত ছয় মাসে রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করতে হয়েছে।

‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচির বিষয়ে আবদুস সালাম জানান, পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ড্রেন ও নালা-নর্দমায় প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নাগরিকরা নির্ধারিত স্থানে বর্জ্য জমা দিলে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে। শিগগিরই ডিএসসিসির উদ্যোগে গুলিস্তানে একটি স্থায়ী স্টল স্থাপনসহ প্রতিটি ওয়ার্ডেই এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

এই প্রকল্পের আওতায় আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ লাখ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অস্থায়ী এসটিএসের সুবিধাজনক স্থানে পথশিশুদের জন্য 'বই পড়ার বিনিময়ে খাবার' কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

সর্বশেষ সর্বাধিক পঠিত