সাফল্যের জন্য প্রয়োজন কাজটি যথাসম্ভব পরিচ্ছন্নভাবে, গুছিয়ে করা। এর জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা, সময় বণ্টন ও কার্যকর দক্ষতা।
কাজের তালিকা তৈরি করুন : যেকোনো কাজের জন্য পর্যাপ্ত সময় হাতে রাখতে হবে। এর জন্য প্রয়োজন একটি বার্ষিক, একটি মাসিক ও একটি সাপ্তাহিক ক্যালেন্ডার। বার্ষিক ক্যালেন্ডারে বছরের কাজগুলোর তালিকা করুন। এগুলোকে মাস অনুযায়ী সাজান। মাসের শুরুতে কোন কাজের জন্য কতদিন লাগতে পারে তা নির্ধারণ করে মাসিক তালিকায় সেগুলোকে স্থান দিন। সাপ্তাহিক তালিকায় স্থান দিন কোন কাজের কত অংশ কোন সপ্তাহের করবেন তার ডেডলাইন। এর ফলে কোনো কাজই আপনাকে তাড়াহুড়ো করে করতে হবে না। আপনি পাবেন পর্যাপ্ত সময়।
যথাযথ পরিকল্পনা করুন : প্রতিটি কাজের জন্য যথাযথ পরিকল্পনা করুন। কাজের পরিকল্পনায় সম্ভাব্য কী কী অসুবিধার সম্মুখীন হতে পারেন বা বাধা এলে কী উপায়ে তার সমাধান হবে তা পরিকল্পনায় রাখুন। কমপক্ষে একটি বিকল্প পরিকল্পনা রাখুন। তাহলে শেষ মুহূর্তে দিশেহারা বোধ করবেন না।
গুরুত্ব অনুসারে কাজকে অগ্রাধিকার দিন : তালিকার সব কাজ গুরুত্বপূর্ণ নয়। সময়ের তুলনায় একাধিক কাজ থাকলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ বাছাই করুন। যেসব কাজের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে সেগুলোকে বেশি গুরুত্ব দিন। কাজের ক্ষেত্রে অন্যের অনুরোধ থেকে নিজের প্রয়োজনীয়তা বেশি গুরুত্ব দেবেন। অনুরোধের বশে অসম্ভব কোনো কাজ সম্পাদনের দায়িত্ব নেবেন না।
কাজের পরে বিশ্রাম ও বিনোদনের ব্যবস্থা রাখুন : একের পর এক কাজ করতে থাকলে মনোযোগ ধরে রাখা যায় না। পরবর্তী কাজগুলো গুছিয়ে করা যায় না। তাই একটি কাজের পর আরেকটি কাজের আগে স্বল্প সময়ের জন্য হলেও বিশ্রাম ও বিনোদনের জন্য সময় ও সুযোগ রাখুন।