ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ও সমন্বিত হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এ হামলায় কিয়েভে অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলার পর বিভিন্ন স্থানে আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর আনাদুলু।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, রাতভর দফায় দফায় রুশ ড্রোন ও দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভকে লক্ষ্য করে ছোড়া হয়। এ সময় ইউক্রেনের বিমানবাহিনী একাধিকবার জরুরি সতর্কতা জারি করে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তিনি শহরের সোলোমিয়ানস্কি জেলায় চিকিৎসাকর্মীদের পাঠানোর নির্দেশ দেন।
ক্লিৎসকো আরও জানান, হোলোসিভস্কি জেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বরে আগুন লাগে। এ ছাড়া পোদিলস্কি ও দারনিতস্কি জেলাসহ কয়েকটি অনাবাসিক এলাকাতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কিয়েভে হামলায় আহত ছয়জনের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে রাজধানীর বাইরে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, হামলার পর কিয়েভের বিভিন্ন এলাকায় আটকে পড়া আরও ১৩ জনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। হোলোসিভস্কি জেলায় একটি ২৬ তলা অনাবাসিক ভবনের ২৩ তলায় বিস্ফোরণ ঘটে। একই এলাকায় ১৬ তলা একটি আবাসিক ভবনে আটকে থাকা দুজন এবং একটি জ্বলন্ত গ্যারেজের কাছ থেকে আরও একজনকে উদ্ধার করা হয়।
সোলোমিয়ানস্কি জেলায় পাঁচতলা একটি আবাসিক ভবনে আটকে পড়া ১০ জনকেও উদ্ধার করেন জরুরি বিভাগের কর্মীরা। পাশাপাশি পোদিলস্কি, দারনিতস্কি ও দিনিপ্রোভস্কি জেলায় গুদাম, ব্যক্তিগত গ্যারেজ ও যানবাহনে লাগা আগুন নেভানোর কাজ করেন দমকলকর্মীরা।
কিয়েভের আশপাশের এলাকাতেও রুশ ড্রোন হামলা হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানায়, বরিসপিল ও ফাস্তিভ জেলায় হামলা চালানো হয়। বরিসপিল এলাকায় শিল্পপ্রতিষ্ঠানে আগুন ধরে যায় এবং আগুনে সাতটি ট্রাক পুড়ে যায়। একটি লজিস্টিকস কমপ্লেক্সেও দুবার হামলা চালানো হয়। পরে সেখানে সব আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
রাজধানীর বাইরেও রাশিয়ার হামলা বিস্তৃত ছিল। দিনিপ্রোপেত্রোভস্ক, পোলতাভা, চেরনিহিভ, মাইকোলাইভ, চেরকাসি, সুমি, জাপোরিঝিয়া, ওদেসা, খারকিভ ও দোনেৎস্কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে।
এ ছাড়া রুশ কৌশলগত যুদ্ধবিমান থেকে পূর্বাঞ্চলের সম্মুখসারির অবস্থান ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কেএবি নামের অত্যন্ত ধ্বংসাত্মক নিয়ন্ত্রিত আকাশবোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।
সম্প্রতি মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ওই অঞ্চলে সফরের সময় তিন দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি পালিত হয়েছিল। সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবারও হামলা-পাল্টা হামলা শুরু হওয়ার ধারাবাহিকতায় সর্বশেষ এ ব্যাপক রুশ হামলার ঘটনা ঘটল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জোরদার হচ্ছে মার্কিন তৎপরতা
দৃঢ় হচ্ছে উত্তর কোরিয়া-রাশিয়া সম্পর্ক