শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে আফগানিস্তান। আজ দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের ১৫ বছর বয়সী তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। এই বিস্ময় বালককে আটকানোর জন্য ইতিমধ্যেই বিশেষ পরিকল্পনা সাজিয়েছে আফগান শিবির।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফগানিস্তানের নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরান বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে জানান, তিনি একজন অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার। প্রতিপক্ষ শিবিরে এই তরুণের হুমকি মোকাবিলায় তারা আইপিএলে তার মুখোমুখি হওয়া সতীর্থদের অভিজ্ঞতার পাশাপাশি তার বিভিন্ন ম্যাচের ভিডিও বিশ্লেষণ করেছেন। বৈভবের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করেই পরিকল্পনা সাজিয়েছে দল।
সম্প্রতি দুলীপ ট্রফিতে ইস্ট জোনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে এই সিরিজে আসছেন বৈভব। টুর্নামেন্টের ৫ ইনিংসে মোট ১৯২ রান করেন তিনি, যার মধ্যে সেন্ট্রাল জোনের বিপক্ষে সেমিফাইনালে খেলা ৯২ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংসটি দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিল। লাল বলের ক্রিকেটে নিজের জাত চেনানোর পর এবার নিজের পরিচিত টি-টোয়েন্টি ফরম্যাটে আলো ছড়াতে প্রস্তুত এই খুদে তারকা।
আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান আরও জানান, ‘ও অবিশ্বাস্য এক প্রতিভাবান খেলোয়াড়। আইপিএলসহ বিভিন্ন প্রতিযোগিতায় সে দুর্দান্ত পারফর্ম করেছে। আমাদের দলে থাকা যেসব ক্রিকেটার আইপিএলে ওর বিরুদ্ধে খেলেছে, তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি এবং ওর ভিডিওগুলোও খুঁটিয়ে দেখেছি। আমরা খুব বেশি জটিলতায় না গিয়ে সহজ পন্থায় মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।’
রশিদ খানের কাছ থেকে চলতি বছরই আফগানিস্তানের নেতৃত্বের দায়িত্ব পাওয়া জাদরান নিজের শতভাগ উজাড় করে দিয়ে দলের জন্য ভালো কিছু করতে এবং সিরিজ জয় দিয়ে শুরু করতে আশাবাদী।
মধুর সঙ্কটে শ্রেয়াস
এই ম্যাচের আগে ভারতীয় ওপেনিং কম্বিনেশন নিয়ে বেশ মধুর সমস্যায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। সংবাদ সম্মেলনে অধিনায়ক শ্রেয়স আয়ার স্বীকার করেছেন যে, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী—এই তিনজন ব্যাটার ওপেনিংয়ের দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করায় চূড়ান্ত একাদশ নির্বাচন করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় সঞ্জু স্যামসন এবং জিম্বাবুয়ে সিরিজে সিরিজ সেরা হওয়া তরুণ বৈববের উপস্থিতি ভারতের ওপেনিং পজিশনকে করে তুলেছে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
তিন গোল দিয়েও দুয়ো শুনতে হলো রিয়ালকে