পদ্মা নদী থেকে বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে জড়িত তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তিলকপুর ঘাট সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবীর হোসেন। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনের মধ্যে রবিন (২৩), তাজমুল আহমেদকে (২৮) তিন মাস বিনাশ্রম কারাদণ্ড এবং আমিরুলকে (২২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সহযোগিতায় লালপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পদ্মা নদীসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত