নিজের হ্যাটট্রিক ভুলে যাওয়া খালেদ পেলেন ‘সবার প্রশংসা’ 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

কাউন্টি ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচেই বল হাতে জাদু দেখালেন খালেদ আহমেদ। ল্যাঙ্কশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে চার দিনের এই ম্যাচের প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন আরও তিন উইকেট। সব মিলিয়ে হোম ম্যাচে অভিষেকে ৮ উইকেট শিকার করে দারুণ এক মুহূর্ত কাটাচ্ছেন এই বাংলাদেশি পেসার।

তবে ঐতিহাসিক এক হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও কেবল এক বলের ব্যবধানে তা হাতছাড়া হয় তার। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, মাঠের লড়াইয়ে এমন রোমাঞ্চকর মুহূর্তে নিজের হ্যাটট্রিকের কথা মাথায়ই ছিল না খালেদের!

ম্যাচে নিজের বোলিং পরিকল্পনা ও সামগ্রিক অনুভূতি নিয়ে ম্যাচ শেষে খালেদ বলেন, ‘আমি খুবই খুশি। প্রথমে, আমি চ্যানেলে বল করার চেষ্টা করেছি, সময়ে সময়ে, যাতে আমি প্রক্রিয়ার প্রতি কঠোর থাকতে পারি। প্রথম স্পেলটি বেশ ধীরগতির ছিল, তবে লাঞ্চের পর বল একটু ভালোভাবে আসছিল। তাই আমরা জুটি বেঁধে বোলিং করছিলাম, এরপর উইকেটগুলো এসেছে।’

প্রথম ইনিংসের শেষ দুই বলে পরপর দুই উইকেট তুলে নেওয়ায় দ্বিতীয় ইনিংসের শুরুতেই হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয়েছিল খালেদের সামনে। তবে প্রথম বলে উইকেটের দেখা না পেলেও দ্বিতীয় বলে ঠিকই উইকেট পান তিনি। হ্যাটট্রিক হাতছাড়া হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এটা ভুলেই গিয়েছিলাম! কেউ আমাকে বলেছিল ‘তুমি হ্যাটট্রিকটা মিস করেছ’। অবশ্যই আমি চেয়েছিলাম, কিন্তু হ্যাঁ, আমি ভীষণ খুশি। দলের সবাই আমার প্রশংসা করছে, তাই আমি খুব আনন্দিত।’

কেন্ট দলে পেস আক্রমণের বড় ভরসা ছিলেন হাসান মাহমুদ। সঙ্গে যোগ দেন খালেদ। দারুণ করছিলেন দুজনেই। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে দেশে ফিরতে হয়েছে। এতে হাসান তো খালেদের মনে পড়ারই কথা। ‘আমি হাসানকে মিস করছি, তবে ও আমাকে একটি ভিডিও পাঠিয়েছে এবং শুভকামনা জানিয়েছে।’

ম্যাচের বর্তমান পরিস্থিতিতে ল্যাঙ্কশায়ার দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট হলে কেন্টের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪০ রান। জয়ের সুবাস পাওয়া দলটির ব্যাটারদের নিয়ে আশাবাদ ব্যক্ত করে খালেদ আরও যোগ করেন, ‘উভয়ই [ব্যাটার] ভালো খেলছে, তাই আশা করি আমরা এটি অব্যাহত রাখব।’

কেন্ট দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৮৪ রান নিয়ে দিন শেষ করায় জয় থেকে মাত্র ৫৬ রান দূরে রয়েছে তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত