তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়ক, এসএস রোড ও এর আশপাশ এলাকায় দফায় দফায় সংঘর্ষে পুরে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একাধিক টিয়ারসেল নিক্ষেপ করে সবাইকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মতায়েন করা হয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে দুই সম্ভাব্য মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ধানবান্ধি ও ভাঙ্গাবাড়ি মহল্লার বাসিন্দারা দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের সময় শহরের প্রধান বাণিজ্যিক এলাকা মুজিব সড়ক রণক্ষেত্রে পরিনত হওয়ায় শহরবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় এ এলাকাস সকল দোকানপাট। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর এক সমর্থক পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মুঠোফোনে গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে দুপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানুর সমর্থকরা ধানবান্ধি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজ পার হয়ে চৌরাস্তা হয়ে মুজিব সড়কে প্রবেশ করলে অপর পক্ষের সমর্থকদের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয় ও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু, সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ এবং সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
স্থানীয় একাধিক সূত্রের ভাষ্য, আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থিতা ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই সম্ভাব্য মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলে আসছে। এরই মধ্যে ব্যক্তিগত একটি বিরোধের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে।
এ বিষয়ে রাজনৈতিক বা ব্যবসায়িক সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে সাবেক কাউন্সিলর হাজী আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ‘এটি পুরোপুরি একটি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে। এর সঙ্গে আমার কোনো ব্যবসায়িক বা ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। এমনকি আমার বালু ব্যবসা কিংবা আগামীতে পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার বিষয়টির সঙ্গেও এর কোনো দূরতম যোগসূত্র নেই। প্রতিপক্ষ হয়তো বিষয়টিকে ভিন্ন খাতে নিতে রংচং মাখাচ্ছে। কিন্তু এটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়।’
এ বিষয়ে জানতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ‘পরে কথা বলবেন’ বলে ফোন কেটে দেন। অন্যদিকে, একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশ সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামে। জানমাল রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে। পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ আমরা সবাই সার্বক্ষণিক মাঠে থেকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঠিক কি নিয়ে এ সংঘর্ষ এবং কারা কি কারণে ঘটিয়েছে তা ঠিক জানা নেই। এছাড়া কতজন আহত হয়েছে এ বিষয়টি এখনো জানতে পারেনি পুলিশ।’
সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজরান রউফের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে মিলছে না গ্যাস সংযোগ
চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু
বিশ্বকাপ উন্মাদনায় নজর কেড়েছে সিরাজগঞ্জ শহরের ‘ব্রাজিল বাড়ি’
সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান
ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজে সংঘর্ষ
সিরাজগঞ্জ-নলকা সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
বাগেরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২