কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দুই পাড়ে হাজারো দর্শনার্থীর ভিড়

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ এএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা পৌরসভার কুমার নদে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরনো দিনের ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে কুমার নদের দুই পাড়ে জড়ো হন হাজার হাজার দর্শনার্থী। নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে নদীর দুই পাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

নৌকাবাইচ উপলক্ষে ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে বিশাল পরিসরে আয়োজন করা হয় গ্রামীণ মেলার। মেলায়ও হাজারো নারী-পুরুষের উপস্থিতি দেখা যায়। নানা রকমের সাজসজ্জা ও বৈচিত্র্যময় আয়োজন ঘিরে নৌকা বাইচ ও মেলায় অংশ নেওয়া মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

এ ছাড়া নৌকাবাইচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নৌকাবাইচ শেষে প্রধান ও বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঐতিহ্যবাহী এ আয়োজনকে কেন্দ্র করে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ভাঙ্গায়।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে নৌকাবাইচ আয়োজক কমিটির উদ্যোগে প্রতিযোগিতাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত