আগামী বছর নিজেদের চিপ বিক্রির পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া। এআই প্রযুক্তির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে চলমান বিতর্কের মধ্যে কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন, কোনো পণ্যের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটার বাণিজ্যিক বিস্তার না ঘটিয়ে প্রকৌশলগত উন্নয়ন ধরে রাখা উচিত।
হুয়াং ঘোষণা দিয়েছেন, আগামী বছর তাদের উৎপাদিত ও বিক্রীত চিপের সংখ্যা দ্বিগুণে নেবে এনভিডিয়া। কোম্পানিটির এ সর্বশেষ পূর্বাভাস আগামী ছয় প্রান্তিক তাদের বড় প্রবৃদ্ধির ধারা বজায় রাখার জোরালো ইঙ্গিতই দিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। এর আগে, কোম্পানিটি বলেছিল, ২০২৮ সালের জানুয়ারিতে শেষ হতে যাওয়া অর্থবছরে তাদের প্রায় ৭০ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে, যার আর্থিক আকার ৬৭ হাজার ৩০০ কোটি ডলার।
স্কটল্যান্ডে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আয়োজিত এক শীর্ষ সম্মেলনে আলাপকালে হুয়াং বলেছেন, ‘আমি আশা করি, আমরা এ বছরের তুলনায় আগামী বছর দ্বিগুণ সংখ্যক চিপ বিক্রি করব। কোম্পানিটির সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত পণ্যগুলোর মধ্যে রয়েছে ডেটা সেন্টারের জন্য ‘গ্রাফিক্স প্রসেসিং ইউনিট’ বা জিপিইউ, যার মধ্যে উল্লেখযোগ্য তাদের ফ্ল্যাগশিপ ব্ল্যাকওয়েল ও রুবিন চিপ। গেল বছরের শেষভাগে হুয়াং বলেছিলেন, এনভিডিয়া কেবল চার প্রান্তিকে প্রায় ৬০ লাখ ব্ল্যাকওয়েল জিপিইউ সরবরাহ করেছে। জিপিইউ-এর বাইরেও বিভিন্ন ধরনের উন্নত সেমিকন্ডাক্টর ও প্রসেসর তৈরি করে এনভিডিয়া। গুগল ডিপমাইন্ড, ওপেনএআই ও অ্যানথ্রপিকের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে ওই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন হুয়াং। নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে হুয়াং বলেছেন, ‘কোনো পণ্য যখন নিরাপদ হয় না, তখন আমাদের উচিত সেটা স্থগিত রেখে কারিগরি উন্নয়ন কাজ চালিয়ে যাওয়া।’