প্লাস্টিকের বোতলে পানি পান স্বাস্থ্যসম্মত না। ভেঙে যাওয়ার ভয়ে কাচের বোতলও অনেকে ব্যবহার করতে চান না। তাই এখন ভরসা হয়েছে স্টেইনলেস স্টিলের বোতল। এতে জল চট করে গরম হয় না। আবার গরম পানি নিলে তা দ্রুত ঠা-া হয় না। তা ছাড়া স্টিলের বোতল নিয়ে রাস্তাঘাটে বেরোনোও সহজ হয়। তবে সমস্যা হয় স্টিলের বোতল পরিষ্কার করতে গিয়ে।
স্টেইনলেস স্টিলের বোতলের ময়লা এবং দুর্গন্ধ দূর করতে বেকিং সোডার সাহায্য নিতে পারেন। বোতলে হালকা গরম পানি নিন। এর মধ্যে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। তারপরে ভালো করে ধুয়ে নিন। এতে সমস্ত জীবাণু মরে যাবে এবং দুর্গন্ধও দূর হবে। গরম পানি ও ভিনিগারও ব্যবহার করতে পারেন। ভিনিগার প্রাকৃতিক ক্লিনজারের মতো কাজ করে। বোতলের মধ্যে সমপরিমাণ ভিনিগার ও গরম পানি ঢেলে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। তারপরে বাসন মাজার সাবান দিয়ে ধুয়ে ফেলুন। বোতলের ময়লা ও দুর্গন্ধ এক নিমেষে দূর করে দিতে লেবু-লবণ ব্যবহার করা যায়। বোতলের মধ্যে কিছুটা লেবুর পানি এবং লবণ ঢেলে ভালো করে ঝাঁকিয়ে নিন। তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিন। তবে বোতলের ঢাকনাটা আলাদা করে ধুয়ে নেবেন। এতে বেশি ময়লা জমে। রবারের সিল এবং ঢাকনার খাঁজগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন। বোতল পরিষ্কারের পরে ভালো করে শুকিয়ে নিন। ভিজে অবস্থায় বোতলের মুখ বন্ধ করে দিলে আবার দুর্গন্ধ ছাড়বে। চেষ্টা করুন প্রতিদিন বোতল ধুয়ে তারপর ব্যবহার করতে। যদি তা সম্ভব না হয়, তা হলে একদিন পর পর বোতল ধুয়ে নিন।