ফুটবলের উন্মাদনা যখন ভূরাজনীতির কঠিন বাস্তবতায় রূপ নেয়, তখন খেলার রোমাঞ্চ ছাপিয়ে সামনে আসে তীব্র আদর্শিক সংঘাত। উয়েফা নেশনস লিগের আসন্ন ম্যাচকে কেন্দ্র করে আয়ারল্যান্ড ও ইসরায়েলের মধ্যকার লড়াইয়ে ঠিক এমনই এক চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে।
ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন সরাসরি 'গণহত্যার বিরুদ্ধে খেলার' মন্তব্যে চটেছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। আইরিশ কোচের সেই মন্তব্যকে 'মূর্খতা, অজ্ঞতা ও ভণ্ডামি' বলে অভিহিত করেছে ইসরায়েলি ফুটবল সংস্থাটি।
আসন্ন ম্যাচগুলো ঘিরে আয়ারল্যান্ডজুড়ে তীব্র অসন্তোষ ও প্রতিবাদের ঝড় বইছে। গাজা পরিস্থিতি ও মানবাধিকারের প্রশ্ন তুলে দেশটির বহু নাগরিক ও ক্রীড়াবিদ ইসরায়েলের বিপক্ষে এই ম্যাচ বয়কট করার জোরালো দাবি জানিয়েছেন। ডাবলিনের টিম হোটেলের বাইরেও প্রতিবাদী জমায়েত হয়েছে। চরম এই চাপের মুখে গত সপ্তাহে স্কোয়াড ঘোষণার সময় দলের অবস্থান পরিষ্কার করেন আইরিশ কোচ। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে খেলোয়াড়দের জন্য বিষয়টি সহজ না হলেও তারা মাঠের লড়াইয়ে নিজেদের বার্তা পৌঁছে দিতে চান।
দল ঘোষণার সময় ইসলায়েলের বিপক্ষে খেলা নিয়ে সেই বিস্ফোরক মন্তব্য করে আয়ারল্যান্ড কোচ হালগ্রিমসন বলেন, ‘আমরা গণহত্যার সঙ্গে খেলছি না, আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি।’
ফিলিস্তিনের পক্ষে আইরিশ কোচে এমন অবস্থানের জেরে মুখ খোলে ইসরায়েলি ফুটবল (আইএফএ) কর্তৃপক্ষও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ উগরে দিয়ে গতকাল একটি পোস্ট দিয়েছে তারা।
ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া সেই পোস্টে লিখেছে, ‘বিশ্ব ও মানবতার জন্য আমরা অসংখ্য ক্ষেত্রে অবদান রেখেছি, জিতেছি অনেক নোবেল পুরস্কারও। দুর্ভাগ্যজনকভাবে, আয়ারল্যান্ড দলের কোচের মূর্খতা, অজ্ঞতা ও ভণ্ডামির কোনো প্রতিকার এখনো খুঁজে পাইনি। আমরা অজ্ঞতা, ভণ্ডামি ও মূর্খতার বিরুদ্ধে খেলছি না; আমরা খেলছি সেই কোচের বিপক্ষে, যিনি এসবেরই প্রতীক।’
নিরাপত্তাজনিত কারণে নিরপেক্ষ ভেন্যুতে আগামী রবিবার হাঙ্গেরির দেব্রেসেনে এবং ৪ অক্টোবর সার্বিয়ায় আয়ারল্যান্ড ও ইসরায়েলের মধ্যে দুটি দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কথার লড়াইয়ের পর এবার সেই ম্যাচ দুটি বয়কটের জোরালো দাবি তুলল আইরিশ ক্রীড়াবিদরা।
ম্যাচ বয়কটের জোরালো দাবি ১৬০ জন আইরিশ ক্রীড়াবিদের
ইসরায়েলের বিপক্ষে আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচগুলো বয়কট করার জন্য জাতীয় ফুটবল দলের প্রতি প্রকাশ্য আহ্বান জানিয়েছেন দেশটির ১৬০ জনেরও বেশি বিশিষ্ট ক্রীড়াবিদ। 'আয়ারল্যান্ড স্পোর্ট ফর প্যালেস্টাইন' গ্রুপের উদ্যোগে প্রকাশিত এক খোলা চিঠিতে এই জোরালো দাবি জানানো হয়েছে।
গাজায় চলমান সংঘাতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন দেশটির শীর্ষস্থানীয় অ্যাথলেটরা। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অলিম্পিয়ান সিয়ারা ম্যাজিয়ান, সাবেক ফুটবলার লুইস কুইন, সাবেক রাগবি খেলোয়াড় টনি ওয়ার্ড এবং বক্সার টাইরন ম্যাককেনা ও এরিক ডোনোভান।
জাতীয় দলের প্রতি আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষরকারীরা সরাসরি লিখেছেন, ‘এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই মুহূর্তে আপনাদের সঠিক কাজটি করার সুযোগ রয়েছে। ম্যাচ না খেলাটাই হবে আপনারা করতে পারেন এমন সবচেয়ে ক্রীড়াসুলভ কাজ। আপনাদের নেতৃত্ব এবং সাহসিকতার মাধ্যমে এটি প্রমাণ করবে যে খেলাধুলার ঐক্যবদ্ধ করার কত বড় ক্ষমতা রয়েছে, যা আমাদের সবাইকে যুক্ত করে এবং খেলার গণ্ডি পেরিয়ে সুদূরপ্রসারী প্রভাব ফেলে।’
এদিকে কোচ হালগ্রিমসন নিজেও এর আগে স্বীকার করেছেন যে খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে এই ম্যাচগুলো নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন।
বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি