এশিয়ান গেমসে সাইফউদ্দিনের পরিবর্তে আলিস

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

চোটের কারণে এশিয়ান গেমসের বাংলাদেশ দলে জায়গা হারিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অফ স্পিনার আলিস আল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক প্যানেলের সদস্য নাদিফ চৌধুরী। গতকাল দলীয় ফটোসেশনেও অন্যদের সঙ্গে দেখা গেছে আলিসকে।

জাতীয় দলে এর আগেও ডাক পেয়েছিলেন এই রহস্যময় স্পিনার। ২০২৪ সালের বিপিএলে নজর কাড়ার পর ওই বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সুযোগ পান তিনি। তবে সিরিজ শুরুর আগেই চোটের কারণে ছিটকে যান। প্রায় আড়াই বছর পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ এসেছে তার সামনে।

এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাওয়ার আগে মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বল হাতে ভালো করেছেন আলিস। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা প্রথম টি-টোয়েন্টিতে ২২ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৩২ রান খরচ করে নিয়েছেন আরও একটি উইকেট।

সাইফউদ্দিন গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান। পরে এমআরআই পরীক্ষায় গুরুতর চোট ধরা পড়ে তার। তাতেই কপাল খুলেছে আলিসের। প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্সের পর এবার জাতীয় দলের হয়ে বড় মঞ্চে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত