কাপ্তান বাজারে সমন্বিত অভিযান, ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

ঢাকার গুলিস্তানে অবস্থিত কাপ্তান বাজারে সমন্বিত অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ঢাকা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাজারের মাছ, মাংস, মুরগি, শাকসবজি ও মুদি দোকানে বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হয়। এর মধ্যে প্রায় ৩০ কেজি চিংড়িতে জেলি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এছাড়া প্রায় ১০ কেজি নষ্ট শসা ও পটলসহ বিভিন্ন সবজি সংগ্রহ করে ধ্বংস করা হয়।

অভিযানে মিস্টার নুডলস, বারবিকিউ সস, বানানা এসেন্সসহ কয়েকটি খাদ্যপণ্যে আমদানিকারকের সিল পাওয়া যায়নি। এসব পণ্য জব্দ করে বিক্রয়কর্মীদের সতর্ক করা হয়। এছাড়া বেশিরভাগ দোকানে মূল্যতালিকা পাওয়া যায়নি এবং মাছ ও মাংসের ওপর লাল বাতি ব্যবহারের বিষয়টিও পরিলক্ষিত হয়।

এসব ত্রুটি আগামী ১৫ দিনের মধ্যে সংশোধনের জন্য বাজার মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক বি. এম. রুহুল আমিন রিমন নেতৃত্ব দেন। এছাড়া বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত