বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও ড্র দিয়ে নতুন মৌসুম শুরু করল আবাহনী লিমিটেড। শুক্রবার মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নবাগত চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আকাশি-নীলরা। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মারুফুল হকের শিষ্যরা।
এর আগে বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচেও জয় পায়নি আবাহনী। পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল দলটি। এবার ফেডারেশন কাপের প্রথম ম্যাচেও একই ফল হওয়ায় নতুন মৌসুমে জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো তাদের। শুক্রবারের ম্যাচে প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলেও গোলশূন্য ব্যবধানেই বিরতিতে যায় আবাহনী ও চট্টগ্রাম সিটি।
বিরতির পর অবশ্য ম্যাচে এগিয়ে যায় আবাহনী। ৫২ মিনিটে রবিউল হাসানের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় দলটি। গোল পাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজছিল আকাশি-নীলরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৬৩ মিনিটে রাফায়েলের গোলে সমতায় ফেরে চট্টগ্রাম সিটি এফসি। আবাহনীর রক্ষণভাগকে পরাস্ত করে গোলটি করেন তিনি। ফলে ম্যাচে ফিরে আসে নবাগত দলটি।