নতুন রেকর্ডের দিনে সপ্তম ইমরানুর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ এএম

এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে নতুন গেমস রেকর্ড গড়েছেন থাইল্যান্ডের অ্যাথলেট পুরিপোল বুনসন। তবে একই ইভেন্টে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের যাত্রা শেষ হয়েছে সেমিফাইনালেই। আগের দিনের চেয়ে ভালো টাইমিং করেও ফাইনালে উঠতে পারেননি তিনি। আট প্রতিযোগীর মধ্যে সপ্তম হয়েছেন বাংলাদেশের এই স্প্রিন্টার।

শুক্রবার পুরুষদের ১০০ মিটারের প্রথম সেমিফাইনালে ১০.৪৪ সেকেন্ড সময় নিয়েছেন ইমরানুর। নিজের আগের টাইমিংয়ের চেয়ে ভালো করলেও ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য তা যথেষ্ট হয়নি। এর আগে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়েছিলেন বাংলাদেশের এই অ্যাথলেট। সেমিফাইনালে মোট তিনটি হিটে অংশ নেন ২৪ জন প্রতিযোগী। ইমরানুর দৌড়ান প্রথম হিটে। আট নম্বর লেনে দৌড়ে আট প্রতিযোগীর মধ্যে সপ্তম স্থান অর্জন করেন তিনি। ফলে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয় তার।

গত হাংজু এশিয়ান গেমস এবং আইচি-নাগোয়ার হিট দুটোতেই ইমরানুরের দৌড় দেখে মনে হচ্ছিল ৬০ মিটারের পর সেøা হয়ে যাচ্ছেন তিনি। আদতে প্রথম দিকে ৬০ মিটারের স্প্রিন্টারই ছিলেন লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। যার প্রমাণ তিনি দিয়েছেন ইনডোর গেমসে স্বর্ণপদক জিতে। ২০২৩ সালে কাজাখস্তানের রাজধানী আস্তানায় ৬০ মিটার স্প্রিন্টে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে এই পদক জেতেন তিনি। কিন্তু পরে ঢাকায় জাতীয় চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার ইভেন্ট না থাকায় ১০০ মিটারে খেলতে শুরু করেন। ঢাকাতে ১০০ মিটারে স্বর্ণ জিতলেও আন্তর্জাতিক আসরের প্রতিবারই ব্যর্থ হচ্ছেন ইমরানুর।

অন্যদিকে দিনের আলোচনার কেন্দ্রে ছিলেন থাইল্যান্ডের পুরিপোল বুনসন। সেমিফাইনালে ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে নতুন এশিয়ান গেমস রেকর্ড গড়েছেন তিনি। এর আগে এই ইভেন্টে গেমস রেকর্ড ছিল ৯.৯২ সেকেন্ডের। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে সেই রেকর্ড গড়েছিলেন চীনের সু বিংতিয়ান। পুরিপোলের নতুন রেকর্ড গড়ার মাধ্যমে পুরুষদের ১০০ মিটারে আগের রেকর্ডটি ভেঙে গেছে। তবে সেমিফাইনালে রেকর্ড গড়লেও এখন পদকের লড়াইয়ে তাকে নামতে হবে ফাইনালে।

বাংলাদেশের অ্যাথলেটের জন্য এই ফল হতাশার হলেও তার টাইমিংয়ে উন্নতি দেখা গেছে। আগের দিনের ১০.৪৯ সেকেন্ড থেকে কমিয়ে শুক্রবার ১০.৪৪ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনালে ফাইনালে ওঠার জন্য প্রয়োজনীয় অবস্থান অর্জন করতে পারেননি।

সর্বশেষ সর্বাধিক পঠিত