সাগরে সার্ফারদের লড়াই

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ এএম

এশিয়ান গেমসে আইচির সমুদ্র সৈকত বড়ই বেরসিক। তাহারা লং বিচে খেলা হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের সার্ফার ফাতেমা আক্তারের (২.৯২ পয়েন্ট) খেলার পর শেষ হয়ে যায় সমুদ্রের ঢেউ। নিস্তরঙ্গ এমন সাগরে কি আর সার্ফিং করা যায়? এ নিয়ে অনেক বেগ পেতে হয়েছে আয়োজকদের। পরে কোনোভাবে সবগুলো হিট শেষ করেন তারা। তাই মেয়েদের বিভাগে আটটি হিটের ৩২ জনকে দ্বিতীয় রাউন্ডে সুযোগ দেওয়া হয়। তাই আজ কোরিয়ান সার্ফার সুজাংয়ের সঙ্গে ঢেউয়ে তাল মেলাবেন ফাতেমা। অন্যদিকে পুরুষদের সার্ফিং ইভেন্টে ৫.৭৪ পয়েন্ট পেয়ে সরাসরি দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন বাংলাদেশের আবদুল মান্নান। পঞ্চম হিটে দ্বিতীয় হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন তিনি। আজ থাইল্যান্ডের সার্ফার তিন জনসনের সঙ্গে খেলবেন মান্নান। 

ড্র করে এক পয়েন্ট হকির মেয়েদের

অবশেষে হকিতে এক পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। কাল এগিয়ে থেকেও কাজাখস্তানের মেয়েদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে এক পয়েন্ট ঝুলিতে সংগ্রহ করেন তারা। বাংলাদেশের হয়ে অর্পিতা পাল ও আইরিন রিয়া পেনাল্টি থেকে এবং কনা আক্তার ফিল্ড গোল করেন। রবিবার চাইনিজ তাইপের সঙ্গে খেলবে বাংলাদেশ।

হারের বৃত্তে শাটলাররা

একের পর এক হার জুটছে শাটলাদের কপালে। প্রতিরোধ করার কোনো ক্ষমতাই যেন নেই তাদের। কাল মিশ্র দ্বৈতে আল আমিন জুমার ও উর্মি আক্তার জুটি সরাসরি ২-০ সেটে হেরে যায় মালয়েশিয়ার জি তাং ও ইন সু জুটির কাছে। পুরুষ দ্বৈতে আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটি সমান ব্যবধানে হারে স্বাগতিক জাপানের ইয়োগো কবাইয়াশি ও টকোরো হুকি জুটির কাছে।

শুটিংয়ে তলানিতে

শুটারদের অবস্থা সেই তলানিতেই। ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগতভাবে শাকের আহমেদ ও আনজিলা আমজাদ ৫৫৮-১৫এক্স স্কোর করে ২১ দেশের মধ্যে ১৯তম স্থানে রাখেন বাংলাদেশকে।

ভারোত্তোলনেও একই দশা

একই দশা ভারোত্তোলনেও। দেশসেরা ভারোত্তোলকরা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আন্তর্জাতিক আসরে। মেয়েদের ৫৭ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৭৫ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০০ কেজিসহ ১৭৫ কেজি তুলে সাতজনের মধ্যে ষষ্ঠ হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত