আফগানদের হারাল নেপাল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ এএম

চট্টগ্রামে প্রথম দেখায় সেই ঐতিহাসিক জয়ের দীর্ঘ এক যুগ পর টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানকে আবারও হারিয়েছে নেপাল। গতকাল এশিয়ান গেমসে জাপানের কোরোগি স্পোর্টস পার্কে ৫ উইকেটে জিতেছে তারা।

গ্রুপ ‘এ’-এর ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে আফগান ব্যাটাররা। পাওয়ারপ্লের মধ্যেই তাদের টপ অর্ডার গুঁড়িয়ে দেন স্পিনার ললিত রাজবংশী, যিনি ব্যাটিং অর্ডারে প্রথম ৩ উইকেট তুলে নেন। দলীয় ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া আফগানদের টেনে তোলেন ফয়সাল শিনোজাদা ও নাজিবুল্লাহ জাদরান। দুজনে মিলে ৩৯ রানের জুটি গড়লেও সমান ৩০ রান করে দুজনই ফেরেন।

পরে লেগস্পিনার কুশল ভুর্তেলের ঘূর্ণিতে পুরোপুরি ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেনে তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রান তোলে আফগানিস্তান।

১০৩ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে নেপালের শুরুটাও হয়েছিল নড়বড়ে। প্রতিপক্ষ বোলারদের চাপে সপ্তম ওভারের মাঝামাঝি ৩১ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। তবে অধিনায়ক রোহিত কুমার পৌডেল ও সন্দীপ জোরার দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় নেপাল। সন্দীপ ৩৪ রানে ফিরলেও ৩৩ রানে অপরাজিত ছিলেন রোহিত। এতে ১৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত