চট্টগ্রামের সাতকানিয়ার ছয় ইউনিয়ন নিয়ে উত্তর সাতকানিয়া থানা গঠনের প্রস্তাবের বিষয়ে স্থানীয়দের মতামত নিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার কালিয়াইশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত উত্তর সাতকানিয়া থানার আওতায় খাগরিয়া, কালিয়াইশ, ধর্মপুর, কেঁওচিয়া, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়ন রাখার প্রস্তাব করা হয়েছে। এ ছয় ইউনিয়নের বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা গণশুনানিতে অংশ নিয়ে প্রস্তাবিত থানা গঠনের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
গণশুনানিতে অংশে নেওয়া স্থানীয়রা বলেন, ছয় ইউনিয়ন নিয়ে পৃথক থানা গঠিত হলে এলাকার মানুষের পুলিশি সেবা আরও সহজলভ্য হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের নিরাপত্তা এবং দ্রুত পুলিশি সেবা পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে নতুন থানা।
স্থানীয়রা আরও বলেন, ছয় ইউনিয়নের অনেক এলাকা সাতকানিয়া উপজেলা সদর থেকে দূরে। ফলে বিভিন্ন প্রয়োজনে উপজেলা সদরে যেতে সময় ও অর্থ ব্যয় হয়। প্রস্তাবিত থানা গঠিত হলে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর মানুষের ভোগান্তি কমার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ বলেন, স্থানীয় জনগণের মতামত জানার জন্য নিয়ম অনুযায়ী গণশুনানির আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও শুনানি অনুষ্ঠিত হবে। জনগণের মতামত বিবেচনায় নিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।