মাংসের ৪ পদ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ এএম

রেসিপি দিয়েছেন ইসরাত জাহান

বিফ মুঠা কাবাব

উপকরণ

১ম ধাপ : গরুর মাংসের কিমা আধা কেজি, আদা ১ চা চামচ, রসুন ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ২ চা চামচ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ, পাউরুটি সøাইস ২টা, টমেটো সস ২ টেবিল চামচ, সিরকা ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, সয়বিন তেল আধা কাপ।

২য় ধাপ : লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম ১ কাপ, পেঁয়াজ বড় কিউব কাটা আধা কাপ, টমেটো সস সিকি কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ৩টা, ঘি ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

কিমার সঙ্গে প্রথম ধাপের সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে নিন। পাউরুটি সামান্য পানিতে ভিজিয়ে কিমার সঙ্গে ভালো করে মিশিয়ে আরও ১০ মিনিট রেখে দিন। মাখানো মিশ্রণ এবার হাতের মুঠোর মধ্যে নিয়ে চেপে চেপে মুঠি কাবাব বানিয়ে নিন। হালকা তেলে অল্প করে ভেজে তুলে রাখুন। এবার অন্য একটি পাত্রে ঘি দিয়ে পেঁয়াজ কুচি কিউব হালকা করে ভেজে এর মধ্যে ক্যাপসিকাম, গোলমরিচ গুঁড়া, টমেটো সস, কাঁচা মরিচ ফালি ও কাবাবগুলো দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

কালা ভুনা

উপকরণ

গরুর মাংস ২ কেজি, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, সরিষা তেল আধা কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, বেরেস্তা ১ কাপ, কালো গোলমরিচ বাটা সিকি চা চামচ, প্যাকেট মসলা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, নারকেল বাটা ২ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, জিরা বাটা আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, এলাচ, রাঁধুনি, দারুচিনি গুঁড়া আধা চা চামচ, শুকনো মরিচ কাটা আধা চামচ।

যেভাবে তৈরি করবেন

টালা গুঁড়া মসলা বাদে সব উপকরণ দিয়ে মাংস সেদ্ধ করে নিন। এবার ঢাকনা খুলে মাংস একটু পর পর নেড়ে ভাজা ভাজা করে নিন। নামাবার আগে গুঁড়া মসলা দিয়ে নিন। সব শেষে ধনিয়া পাতা ও কাঁচা মরিচ কুচি দিয়ে নামিয়ে নিন কালা ভুনা।

মাংস ডাটার যুগলবন্দি

উপকরণ

গরুর মাংস ১ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ বাটা ১ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, জিরা বাটা ২ টেবিল চামচ, ধনে বাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা সিকি কাপ, এলাচ ৪টা , দারুচিনি ৩ টুকরো, তেজপাতা ২টা, তেল আধা কাপ, ডাঁটা আধা কেজি।

যেভাবে তৈরি করবেন

সব মসলা দিয়ে মাংস খুব ভালো করে মাখিয়ে চুলায় দিয়ে দিন। মাংস কষাতে কষাতে যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন ডাঁটা দিয়ে মাংসের সমান সমান গরম পানি দিয়ে ঢেকে দিন। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে মাংস সেদ্ধ হয়ে যাবে। তারপর চুলার আঁচ কমিয়ে আরও কিছু রেখে মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

মরোক্কান মাটন কাবাব

উপকরণ

খাসির রানের মাংস ১ কেজি, পেঁপে বাটা ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, আদা মিহি কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি ২ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ চা চামচ, পুদিনা পাতা কুচি ২ চা চামচ, কাঁচা মরিচ কুচি ৩টা, লবণ ১ চা চামচ, টক দই ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

মাংসের ওপর থেকে পর্দা ছাড়িয়ে নেব। হাড় থেকে মাংস আলাদা করে বড় বড় টুকরো করে নেব। এরপর সব মসলা দিয়ে মাংস মাখিয়ে ২ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। এরপর হাঁড়িতে মাংস দিয়ে ওপরে কাঠ কয়লা আগুন দিয়ে ২০ মিনিট রান্না করুন। ২০ মিনিট পরে ঢাকনা খুলে হাঁড়ির ভেতরে একটু ঘি দিয়ে দিন। এরপর আবার ২০ মিনিট ঢাকনা লাগিয়ে রেখে দিন। তারপর নামিয়ে ওপরে একটু ক্রিম ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

সর্বশেষ সর্বাধিক পঠিত