এক বছরে জোড়া ক্লাবের মালিক হলেন মেসি

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১২:৫২ পিএম

মাঠের বাইরে ব্যবসায়িক ও মালিকানার দুনিয়াতেও নিজের সাম্রাজ্য আরও প্রশস্ত করে চলেছেন লিওনেল মেসি। মাঠ মাতাচ্ছেন ইন্টার মায়ামির জার্সিতে, আর অফ দ্য পিচে স্প্যানিশ ফুটবলে একের পর এক চমক উপহার দিয়ে চলেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। চলতি বছরেই স্পেনের দ্বিতীয় কোনো ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিকানা কিনে নিলেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

গত এপ্রিলে স্পেনের আরেক ক্লাব ইউই করনেল্লা কিনে নেওয়ার পর এবার স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিলেন মেসি।

গত মাসে কলম্বিয়ার একটি বিনিয়োগকারী গোষ্ঠীর হাত থেকে ক্লাবটির সমস্ত শেয়ার কেনার চুক্তি চূড়ান্ত করার পর এবার আনুষ্ঠানিকভাবে মালিকানা হস্তান্তরের ঘোষণা এলো।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে যে লিও মেসি ক্লাবটি অধিগ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে শত বছরেরও বেশি ইতিহাসের এই ক্লাবের জন্য নতুন ও রোমাঞ্চকর এক অধ্যায়ের শুরু হলো।’ 

১৯২১ সালে প্রতিষ্ঠিত সিডি এলদেন্স বর্তমানে স্পেনের সেহুন্দা ডিভিশনের লিগ টেবিলে ১৯তম স্থানে অবস্থান করছে। মাত্র সাত ম্যাচের চারটিতেই হেরে দল বর্তমানে অবনমন এড়ানোর কঠিন লড়াইয়ে রয়েছে। তবে মেসির এই মালিকানা অধিগ্রহণ ক্লাবটিতে নতুন প্রাণের সঞ্চার করবে এবং মাঠের পারফরম্যান্স উন্নত করতে তাদের দারুণভাবে উদ্দীপ্ত করবে বলে আশা করছে ক্লাব কর্তৃপক্ষ।

সর্বশেষ সর্বাধিক পঠিত