মেগাস্টার শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান এবং নির্মাতা হিমেল আশরাফ ত্রয়ী আবারও এক ছাদের নিচে। ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ ও সফল সিনেমা ‘রাজকুমার’-এর সাফল্যের পর এই সফল ত্রয়ী নিয়ে আসছেন তাদের নতুন সিনেমা ‘মহব্বত’। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, আগামী ঈদুল আজহায় রুপালি পর্দায় মুক্তি পাবে চলচ্চিত্রটি।
ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে পোস্ট দেন শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনান। ক্যাপশনে তারা লেখেন ‘কখনো কখনো ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে মূল্য, প্রতিশ্রুতি আর লড়াই পরিচয় করিয়ে দিচ্ছি মহব্বত; এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু। দেখা হবে আগামী কোরবানির ঈদে!
ঢালিউডের আধুনিক ইতিহাসে ‘প্রিয়তমা’ কেবল একটি সিনেমাই ছিল না, বরং তা ছিল ঢালিউডের ব্যবসায়িক বাঁকবদলের এক নতুন অধ্যায়। দেশে-বিদেশে বক্স অফিস কাঁপিয়ে ইতিহাস গড়া সেই ‘প্রিয়তমা’র সাফল্যের রেশ ধরে এই তিন জুটি উপহার দিয়েছিলেন ‘রাজকুমার’, যা প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলে এবং বিশাল অঙ্কের ব্যবসা কুড়ায়। তবে ‘মহব্বত’-এর মূল আকর্ষণ ঘনীভূত হচ্ছে এর কাস্টিং ও নায়িকাকে কেন্দ্র করে। সিনেমাটির গল্প, অন্যান্য অভিনয়শিল্পী ও শুটিংয়ের সময়সূচি গোপন রাখা হলেও গুঞ্জন উঠেছে, শাকিব খানের বিপরীতে দেখা যাবে কোনো ভিনদেশী নায়িকাকে।
উল্লেখ্য, এর আগের ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন কলকাতার ইধিকা পাল। এরপর ‘রাজকুমার’-এ তার নায়িকা হয়ে এসেছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এবার ‘মহব্বত’-এ কি আবারও কলকাতার ইধিকা পালকেই ফিরিয়ে আনা হচ্ছে, নাকি হাজির করা হবে একেবারে নতুন কোনো আন্তর্জাতিক মুখকে, তা নিয়ে সিনেমাপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা ও রোমাঞ্চকর জল্পনা!